Somoy TV
বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ঘোষিত ২৬ সদস্যের দল থেকে ছিটকে গেছেন লিওনার্দো বালের্দি। এই ডিফেন্ডারের বদলি হিসেবে কাকে নেয়া হবে, সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি কোচ লিওনেল স্ক্যালোনি। তবে আলবিসেলেস্তে কোচ স্পষ্ট করে জানিয়েছেন, সেন্টার-ব্যাক পজিশনে তার দলের পর্যাপ্ত বিকল্প রয়েছে। ফলে নতুন করে ডিফেন্ডার নয়, অন্য কোনো পজিশনের খেলোয়াড়কে দলে নেওয়ার সম্ভাবনাই বেশি।সোমবার (৮ জুন) সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, বুধবার (১০ জুন) আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের পরদিন বিশ্বকাপ স্কোয়াডের চূড়ান্ত ২৬তম সদস্য যোগ দেবেন। তিনি হবেন ডান পায়ের কাফের চোটে ছিটকে যাওয়া বালের্দির বদলি।বিশ্বকাপ দলে শেষ জায়গাটির জন্য বর্তমানে আলোচনায় রয়েছেন এমিলিয়ানো বুয়েন্দিয়া, নিকোলাস কাপালদো, আগুস্তিন গিয়াই, ম্যাক্সিমো পেরোনে এবং গুইদো রদ্রিগেস। স্কালোনির প্রাথমিক ৫৫ সদস্যের তালিকায় তারা সবাই ছিলেন এবং বিভিন্ন সময়ে জাতীয় দলে সুযোগও পেয়েছেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, বুধবারের প্রীতি ম্যাচের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, 'ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নাম ঘোষণা করব না, তবে আগামীকাল বিষয়টি আরও পরিষ্কার হবে। আমাদের হাতে এখনও কিছু সময় আছে। বুধবার (স্থানীয় সময়) যাকে বেছে নেব, সে তখনই দলের সঙ্গে যোগ দেবে। লেফট-ব্যাক পজিশনে আমাদের যথেষ্ট কভারেজে আছে, তাই অন্য কিছু সম্ভাবনা বিবেচনা করছি। খেলোয়াড়দের শারীরিক অবস্থা কেমন থাকে, সেটাও গুরুত্বপূর্ণ। আমাদের একটি ধারণা আছে, তবে সিদ্ধান্ত কালই নেওয়া হবে এবং বুধবারের বেশি দেরি হবে না।'আরও পড়ুন: বিশ্বকাপের খেলা দেখাবে বিটিভিবর্তমানে আর্জেন্টিনার রক্ষণভাগে রয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ এবং ফাকুন্দো মেদিনা। স্বাভাবিকভাবে মেদিনা একজন সেন্টার-ব্যাক হলেও স্কালোনি তাকে নিকোলাস তাগলিয়াফিকোর বিকল্প হিসেবেও ব্যবহার করছেন, কারণ মার্সেইয়ে তিনি একই ধরনের ভূমিকায় খেলেন।এ পর্যন্ত গিয়াই ও কাপালদোকেই সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে ধরা হচ্ছিল। দুজনই রাইট-ব্যাক এবং প্রীতি ম্যাচগুলোর জন্য দলে ডাক পেয়েছিলেন। তবে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছিল মূলত গনসালো মন্তিয়েল ও নাহুয়েল মোলিনার ইনজুরির কারণে।রোববার (স্থানীয় সময়) প্রথমবারের মতো দলের সঙ্গে যোগ দেওয়ার পর সোমবার (স্থানীয় সময়) স্কালোনি জানান, মন্তিয়েল ও মোলিনা দুজনই মেডিকেল ছাড়পত্র পেয়েছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন। ফলে তাদের কেউ বাদ না পড়লে তৃতীয় একজন রাইট-ব্যাককে দলে নেওয়া কিছুটা অস্বাভাবিকই হবে, যদি না তাকে অন্য কোনো পজিশনে ব্যবহার করার পরিকল্পনা থাকে।অন্যদিকে, গুইদো রদ্রিগেস বর্তমানে ভ্যালেন্সিয়ায় দারুণ ফর্মে আছেন। যদিও তিনি ২০২৪ সালের পর আর জাতীয় দলে খেলেননি, তবুও স্কালোনির প্রথম দিকের প্রকল্পে তিনি গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি দুটি কোপা আমেরিকা জয়ী দলের অংশ ছিলেন এবং বিশ্বকাপজয়ী স্কোয়াডেও ছিলেন।লিয়ান্দ্রো পারেদেস ইনজুরিতে থাকায় রক্ষণাত্মক মিডফিল্ডে একজন বিকল্প যোগ করা হতে পারে। স্কালোনি জানিয়েছেন, ইউনিভার্সিদাদ কাতোলিকার বিপক্ষে পাওয়া মাংসপেশির চোট থেকে সেরে উঠতে পারেদেসের আরও কয়েকদিন লাগবে এবং সপ্তাহের শেষ দিকে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে স্কালোনিকে বাধ্য হয়ে এজেকিয়েল পালাসিওসকে সেই ভূমিকায় খেলাতে হয়েছিল।আরও পড়ুন: ইনজুরিতে বিশ্বকাপ শেষ ডাচ ডিফেন্ডারেরএই অবস্থায় সম্ভাব্য বিকল্প হতে পারেন ম্যাক্সিমো পেরোনে। ইতালিয়ান সিরি আ’র চমক জাগানো দল কোমোতে নিকো পাজের সতীর্থ পেরোনে মৌসুমজুড়ে ভালো খেলেছেন। জাতীয় দলের হয়ে তার দুটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এবং মার্চে মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্যও ডাক পেয়েছিলেন।আরেকটি বিকল্প এমিলিয়ানো বুয়েন্দিয়া, যদিও তিনি তুলনামূলকভাবে বেশি আক্রমণাত্মক ধাঁচের খেলোয়াড়। অ্যাস্টন ভিলার হয়ে তিনি দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন, ৫৪ ম্যাচে করেছেন ১১ গোল। ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। তার সর্বশেষ উপস্থিতি ছিল গত নভেম্বরে। প্রিমিয়ার লিগে তার পারফরম্যান্সের কারণে বিশ্বকাপের প্রাথমিক ২৬ সদস্যের দলে জায়গা না পাওয়াটা অনেককেই বিস্মিত করেছিল।সম্প্রতি তিনি ইউরোপা লিগও জিতেছেন। গত সপ্তাহে নিকো পাজের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে জাতীয় দলের পক্ষ থেকে তাকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল।এখন সিদ্ধান্তের সময় ঘনিয়ে এসেছে। তবে চূড়ান্ত উত্তরটি আপাতত শুধু লিওনেল স্কালোনিরি জানা আছে।
Go to News Site