Jagonews24
দীর্ঘদিনের গুঞ্জন, জল্পনা আর সামাজিক যোগাযোগমাধ্যমের নানা আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সেই ঘোষণার পর নতুন করে আলোচনায় এসেছে তার একটি পুরোনো মন্তব্য- ‘সব প্রশ্নের উত্তর দিতে নেই।’ আর এই শিক্ষাই তিনি পেয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের কাছ থেকে। গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বুবলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’ পোস্টের সঙ্গে প্রকাশ করা ফটোকার্ডে জানানো হয়, গত ১১ মে জন্ম হয়েছে তাদের কন্যাসন্তানের। নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান। ওই পোস্টে সন্তানের বাবা হিসেবে শাকিব খানকেও ট্যাগ করেন বুবলী। সন্তানের জন্মের খবর প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে বিষয়টি অনেকের কাছে নতুন হলেও গত কয়েক মাস ধরেই বুবলীকে ঘিরে দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ছিল জোরালো। বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি, পোশাক-পরিচ্ছদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ছবি দেখে নেটিজেনদের একটি অংশ ধারণা করেছিলেন, তিনি আবারও মা হতে চলেছেন। এর আগে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে শাকিব খানের সঙ্গে সময় কাটানোর পরও তাদের সম্পর্ক ও পারিবারিক জীবন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছিল। তবে এত আলোচনা-সমালোচনার মাঝেও এ বিষয়ে মুখ খোলেননি বুবলী। বিভিন্ন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলেও তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। কখনো সরাসরি অস্বীকার করেননি, আবার স্বীকারও করেননি। এক অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে বুবলী বলেছিলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকতেই পারে। তবে ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য নির্দিষ্ট সময় ও উপলক্ষ থাকা উচিত বলেই তিনি মনে করেন। তার এই বক্তব্য তখনও নানা জল্পনার জন্ম দিয়েছিল। অনেকেই ধারণা করেছিলেন, উপযুক্ত সময়ের অপেক্ষায় আছেন এই নায়িকা। শেষ পর্যন্ত কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশের মধ্য দিয়ে সেই ধারণাই সত্য প্রমাণিত হলো। মজার বিষয় হলো, গুঞ্জনের সময় নীরব থাকার কারণও এক সাক্ষাৎকারে ব্যাখ্যা করেছিলেন বুবলী। নেতিবাচক মন্তব্য, সমালোচনা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব কীভাবে সামলান-এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছিলেন, এ বিষয়ে তার সবচেয়ে বড় শিক্ষা এসেছে শাকিব খানের কাছ থেকে। বুবলীর ভাষায়, ‘শাকিব খান যেহেতু পরিবারের মানুষ, তার কারণেই চলচ্চিত্র অঙ্গনে পা রাখা। সে কারণে অনেক কিছুই শেখা হয়েছে তার কাছ থেকে। উনি সব সময় বলেন, সব প্রশ্নের উত্তর দিতে নেই। তোমার কাজটাই তোমার প্রশ্নের জবাব হয়ে থাকবে।’ শাকিব খান ও বুবলী। ছবি: সংগৃহীত তিনি আরও বলেন, ‘অনেকে হয়তো হিংসা থেকে অনেক কিছু বলেন, হতাশা থেকেও বলেন। অনেক সময় অনেক বাধা ও প্রতিবন্ধকতা আসবে। সবকিছু এড়িয়ে চলতে হবে। সবকিছুর জবাব দিতে থাকলে কাজটা কখন হবে?’ বুবলীর মতে, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউনির্ভর কনটেন্ট তৈরির প্রবণতা বেড়েছে। সে কারণেই অনেকেই নেতিবাচক বিষয়কে পুঁজি করে নানা ধরনের গুজব ছড়ান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন যেহেতু ভিউ ব্যবসার একটা বিষয় আছে, তাই তারা জানে ইতিবাচক কিছু বললে ভিউ হবে না। সে কারণে নেতিবাচকতার আশ্রয় নেয়। যত মিথ্যা বলবে, এআই দিয়ে ভিডিও বানাবে, গুজব ছড়াবে, ততই ভিউ। এগুলোর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কারণ, এড়িয়ে যেতে যেতে একসময় এগুলো মাথাচাড়া দিয়ে ওঠে।’ আরও পড়ুন:বুবলীর সুখবরের পর অপু বিশ্বাসের পোস্ট ঘিরে নতুন আলোচনা ২৬ বছর পর লাকী আখান্দকে নিয়ে অজানা গল্প বললেন বাপ্পা বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন সৈয়দ আব্দুল হাদী এদিকে কন্যাসন্তানের জন্মের খবর প্রকাশের পর শুভেচ্ছায় ভাসছেন বুবলী। ভক্ত-অনুরাগী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা নবজাতক শারলিন খানের সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে অভিনন্দন জানাচ্ছেন। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুবলী যেন আবারও প্রমাণ করলেন, তিনি সত্যিই মেনে চলেন শাকিব খানের সেই শিক্ষা- সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিতে হয় না, কখনো কখনো সময়ই হয়ে ওঠে সবচেয়ে বড় উত্তর। এমএমএফ
Go to News Site