Jagonews24
গত ফেব্রুয়ারিতে ব্রেন টিউমার ধরা পড়ার পর থেকেই অভিনয় ও শুটিং থেকে দূরে আছেন ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন ফেসবুক পোস্ট ও অনলাইন মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিনেত্রীর মৃত্যুর কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টির কয়েক দফা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন। গুঞ্জনের বিষয়ে তানিয়া বৃষ্টির সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে নির্মাতা সকাল আহমেদ জাগো নিউজকে বলেন, ‘সত্যি না; তিনি ঠিক আছেন।’ এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফেসবুকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের বর্তমান শারীরিক অবস্থার সুখবর দিয়েছেন তানিয়া বৃষ্টি। জানিয়েছেন, এখন অনেকটাই ভালো আছেন তিনি। ফেসবুকে তানিয়া বৃষ্টি লেখেন, ‘আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি এখন অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাকে এত ভালোবাসা ও দোয়ায় রাখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’ সুস্থ হয়ে আবারও শুটিংয়ে ও ক্যামেরার সামনে ফেরার তীব্র ইচ্ছার কথা জানিয়ে এই অভিনেত্রী লেখেন, ‘অবশ্যই আপনাদের জন্যই আমি ফিরে আসতে চাই এবং আপনাদের জন্যই ফিরব ইনশা আল্লাহ।’ সবশেষে সবার কাছে দোয়া চেয়ে তানিয়া বৃষ্টি জানান, ঈদ উপলক্ষে ফেসবুকে লাইভে ভক্তদের সঙ্গে কথা বলবেন তিনি। অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে শুটিং থেকে দূরে থাকলেও এই ঈদে প্রচারিত হচ্ছে তানিয়া বৃষ্টি অভিনীত একাধিক নতুন নাটক। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আগেই এই নাটকগুলোর কাজ শেষ করেছিলেন তিনি। এমআই/এলআইএ
Go to News Site