Jagonews24
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধের সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. এ এস এম আমানুল্লাহ। মঙ্গলবার (৯ জুন) এক ফেসবুক পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে ভিসি জানান, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধের ব্যাপারে সরকার কিংবা আমাদের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেই।’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ফেসবুক পোস্ট এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে যে, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নতুন খসড়া মডেল অনুযায়ী বাংলা, ইতিহাস, দর্শনসহ প্রায় ৬ বিষয়ের অনার্স কোর্স বাতিল করা হচ্ছে এবং এসব বিষয় অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করা হবে।’ এমন খবর ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। তবে দাবিটি পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ও। আরও পড়ুন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অনার্সের বিষয় বাতিলের দাবিটি ভিত্তিহীন উচ্চশিক্ষা সংস্কার এবং শিক্ষাক্রম পর্যালোচনার বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা ও পর্যালোচনা চললেও বাংলা, ইতিহাস ও দর্শনের মতো মৌলিক বিষয়গুলোতে অনার্স শিক্ষা বন্ধ করার কোনো নীতিগত সিদ্ধান্ত সরকার এখনো নেয়নি বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের এ গুজবে বিভ্রান্ত না হয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং সরকারের আনুষ্ঠানিক সূত্র থেকে তথ্য নেওয়ার জন্য সর্বস্তরের মানুষকে আহ্বান জানানো হয়েছে। এএইচ/এসএইচএস
Go to News Site