Jagonews24
বাংলাদেশ-মিয়ানমারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল খালেক (৩০) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টায় ঘুমধুম ইউপির রেজু আমতলী সীমান্তের ৪০ নম্বর সীমান্ত পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক উখিয়া রোহিঙ্গ্যা ক্যাম্প-১ এর সি-ব্লকের মো. আনুর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় বাসিন্দা শাহা আলমের আকাশমনি গাছের বাগানে কাজ করতে যান আবদুল খালেক। সেখানে কাজ করার একপর্যায়ে মাইন বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পা গুরুতর জখম হয়। পরে তার সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশাযোগে কক্সবাজারের কুতুপালং এম এস এফ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। নয়ন চক্রবর্তী/এসআর/এমএস
Go to News Site