Collector
Giriş Yap
ময়মনসিংহে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা | Collector
ময়মনসিংহে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে নাহিয়ান রবিন (২৩) নামে এক কলেজছাত্রকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৮ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে পৌর শহরের মহিলা কলেজের পেছনের মাজার রোড এলাকায় তার বাসার অদূরে এ ঘটনা ঘটে। নিহত নাহিয়ান রবিন গফরগাঁও পৌর এলাকার সিলাশী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে প্রতিবেশী ও বন্ধু শাকিবুল হাসানের (মাসুম) সঙ্গে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রবিন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শাকিবুল। তারা মহিলা কলেজের পেছনের মাজার রোড এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এসময় হামলাকারীরা এলোপাতাড়ি আক্রমণ শুরু করলে শাকিবুল দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। তবে রবিনকে ধরে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রবিনকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, সকালে কলেজছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। হোসাইন সুলভ/এফএ/এমএস

Go to News Site