Jagonews24
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উদ্বোধন করা হয়েছে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনটি উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন প্রকল্পের লক্ষ্য পূরণে প্রয়োজনীয় বিদ্যুৎ, উচ্চগতির ইন্টারনেটসহ অন্যান্য অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, মাছ আহরণ, নৌপরিবহন এবং উপকূলীয় উন্নয়নে এই স্যাটেলাইট স্টেশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি আরও বলেন, ‘বিশেষ করে জেলে, ট্রলার মালিক ও সমুদ্রগামী জাহাজগুলো আবহাওয়া ও সমুদ্রসংক্রান্ত তথ্য ব্যবহার করে ঝুঁকি কমাতে এবং সংশ্লিষ্ট কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা যাবে।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ ঐতিহাসিক দিন। চীনের অর্থায়নে বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি অনন্য স্যাটেলাইট স্টেশন স্থাপিত হচ্ছে। এ কেন্দ্রের মাধ্যমে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, দেশের অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকরাও উপকৃত হবেন। তারা সমুদ্র ও মৎস্যসম্পদ সংক্রান্ত রিয়েল-টাইম তথ্য পাওয়ার সুযোগ পাবেন।’ চবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমদ, বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শেওপেং ও চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির ডেপুটি ডিরেক্টর অধ্যাপক ড. ফু বিন উপস্থিত ছিলেন। মোস্তাফিজুর রহমান/এএইচ/এএসএম
Go to News Site