Somoy TV
ইরান যুদ্ধ নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চরম বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এবার তিনি তাকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে ফের সংঘাতে জড়ালে ইসরাইলের ওপর থেকে সমর্থন তুলে নেবেন তিনি। তখন তাকে একাই যুদ্ধ করতে হবে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ খবর জানিয়েছে।যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এই অব্যাহত হামলার জেরে ইরান গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করার ঘোষণা দেয়। এরপর থেকে ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বেশ কয়েকটি উত্তপ্ত ফোন আলাপ হয়েছে। শান্তি চুক্তির লক্ষ্যে ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি। যেখানে হিজবুল্লাহর হামলার জবাবে ইসরাইল গত ২ মার্চ থেকে ফের হামলা শুরু করে। এতে ৩ হাজার ৭০০ মানুষ নিহত হয়েছেন। অগণিত মানুষ আহত হয়েছেন। উদ্বাস্তু হয়েছেন ১০ লক্ষাধিক। এরপরও গত রোববার (৬ জুন) ইসরাইল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে বিমান হামলা চালায়। ইসরাইলের হামলার কয়েক ঘণ্টা পর সংঘাত আরও বিপজ্জনক মোড় নেয়। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ওইদিন রাতেই উত্তর ইসরাইলের বিভিন্ন এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। আরও পড়ুন: হামলা বন্ধ করল ইরান-ইসরাইল, যুদ্ধবিরতি না মানলে ফের হামলার হুঁশিয়ারি তারপর সোমবার (৮ জুন) সকালে ইরানে হামলা চালায় ইসরাইলি বাহিনী। রাজধানী তেহরান, তাবরিজ ও ইসপাহানে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। তৎক্ষণাৎ পাল্টা হামলা চালায় ইরান। গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটা দুই দেশের মধ্যে প্রথম বড় ধরনের সরাসরি সামরিক সংঘর্ষ। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে উভয় পক্ষকে দ্রুত সংঘাত বন্ধ করার আহ্বান জানান। এরপর দুইদিনের তীব্র সংঘাতের পর অবশেষে ইসরাইল ও ইরান হামলা স্থগিত করার ঘোষণা দেয়। এরপরই নেতানিয়াহুর উদ্দেশে ট্রাম্পের এই সতর্কবার্তা এলো। অ্যাক্সিওস গত সোমবার এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পে তাদেরকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুকে এই বলে হুঁশিয়ারি দিয়েছেন যে, ‘তিনি যদি ফের ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করতে চান, তাহলে সেটা তাকে একাই করতে করবে।’ ট্রাম্প এর আগে নিশ্চিত করেছেন যে, তিনি পূর্বের এক কথোপকথনে নেতানিয়াহুকে ‘বদ্ধ পাগল’ বলেন। আরও পড়ুন: ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সীমান্তের কাছে পড়েছে: সৌদি এদিকে বিবিসি নর্থ আমেরিকার সম্পাদক সারাহ স্মিথ বলেছেন, ট্রাম্প সোমবার ফোনে তাকে জানিয়েছেন যে, তিনি ইসরাইলি প্রধানমন্ত্রীকে ‘কাণ্ডজ্ঞান ব্যবহার করার‘ জন্য অনুরোধ করেছেন এবং তিনি ইরানের সঙ্গে ‘একটি অত্যন্ত শক্তিশালী চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি’ রয়েছেন।
Go to News Site