Jagonews24
জেল পলাতক ও একাধিক প্রতারণা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেফতার ব্যক্তির নাম অহিদুল আলম ভূঁইয়া ওরফে সাজিদ (৫৭)। মঙ্গলবার (৯ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। সিটিটিসির বরাতে এন এম নাসিরুদ্দিন বলেন, গতকাল সোমবার (৮ জুন) বিকালে মিরপুর মডেল থানাধীন একটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে অহিদুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির ১০টি সিম কার্ড এবং বিভিন্ন ব্যাংকের ১০টি হিসাব নম্বর সংবলিত মোট ২৩টি ব্লাঙ্ক চেক উদ্ধার করা হয়। তিনি বলেন, গ্রেফতার অহিদুল আলম ভূঁইয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা এবং হজে লোক পাঠানোর নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ড করে আসছিলেন। তিনি পুলিশ হেডকোয়ার্টার্স ও কারা অধিদপ্তরের প্রকাশিত জেল পলাতক তালিকার ৬০ নম্বর ক্রমিকের তালিকাভুক্ত আসামি। নরসিংদী জেলার মনোহরদী থানায় দায়ের করা বিভিন্ন প্রতারণা মামলায় তার বিরুদ্ধে ১০টিরও অধিক গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) মুলতবি রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কেআর/এমএমকে
Go to News Site