Jagonews24
রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিচারিক আদালতের রায়ের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছেছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আসে ডেথ রেফারেন্স নথিপত্র। এর আগে বিচারকের সইয়ের পর মামলার ডেথ রেফারেন্স সংক্রান্ত নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়। এই রায়ের পূর্ণাঙ্গ কপি ৬৯ পৃষ্ঠা এবং আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের ডেথ রেফারেন্স ৩ পৃষ্ঠাসহ মোট ৭২ পৃষ্ঠার নথি উচ্চ আদালতে আসে। তার আগে পল্লবীতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গত রোববার (৭ জুন) ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডের রায় দেন। রায়ে আসামি সোহেল আসামি সোহেল রানাকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ওই শিশুর আইনগত উত্তরাধিকারকে দিতে বলা হয়েছে। আসামিরা জরিমানার টাকা না দিলে কালক্টরেট অফিসকে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও তা বিক্রি করে শিশুর আইনগত উত্তরাধিকারদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের ইতিহাসে সবচেয়ে স্বল্প সময়ে কোনো মামলার রায় ঘোষণা হলো। তবে আসামিদের সাজা কার্যকরে আইনগত কয়েকটি ধাপ রয়েছে। উচ্চ আদালতে ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিল নিষ্পত্তির পর কার্যকর হবে রায়। রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা মোতাবেক আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। আর ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এছাড়া রায়ের বিরুদ্ধে আইন মোতাবেক আসামিরা আপিল দায়ের করতে পারবেন। এফএইচ/এমআইএইচএস/
Go to News Site