Collector
Giriş Yap
পুশ-ইন ঠেকাতে সীমান্তে বিজিবির টহল জোরদার | Collector
পুশ-ইন ঠেকাতে সীমান্তে বিজিবির টহল জোরদার

পুশ-ইন ঠেকাতে সীমান্তে বিজিবির টহল জোরদার

ভারতীয় সীমান্তঘেঁষা উত্তরের জেলা নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় পুশ-ইন নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এ শঙ্কায় সীমান্তজুড়ে বিজিবি, স্থানীয় প্রশাসন বিশেষ সতর্কতাবস্থা গ্রহণ করেছ, জোরদার করা হয়েছে নজরদারি ও টহল। উপজেলার বালাপাড়া, পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই ও টেপাখড়িবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী এলাকাগুলোতে কয়েক দিন ধরে সতর্কতামূলক কার্যক্রম চলছে। বালাপাড়া, ঠাকুরগঞ্জ, কালীগঞ্জ, থানারহাট, বার্নিরঘাট ও চরখড়িবাড়ী সীমান্ত ফাঁড়িতে বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে রাতভর পাহারার ব্যবস্থাও করা হয়েছে। স্থানীয়রা জানায়, দেশের বিভিন্ন সীমান্তে সম্ভাব্য ‘পুশ-ইন-এর খবর ছড়িয়ে পড়ার পর ডিমলার সীমান্তসংলগ্ন জনপদেও উদ্বেগ দেখা দেয়। এরপর ইউনিয়ন পরিষদ, প্রশাসন ও রাজনৈতিক নেতাদের উদ্যোগে মাইকিং করে জনগণকে সতর্ক করা হচ্ছে এবং সন্দেহজনক কোনো গতিবিধি দেখলে দ্রুত প্রশাসন বা বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়েছে। বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং এলাকাবাসীকে সঙ্গে নিয়ে রাত জেগে পাহারা দেওয়া হচ্ছে। পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ খান জানান, বিজিবির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। বালাপাড়া বিজিবি কোম্পানি কমান্ডার আনোয়ারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আমাদের দায়িত্বাধীন সীমান্তে কোনো পুশইনের ঘটনা ঘটেনি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইমরানুজ্জামান বলেন, বিজিবির সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে। এখনও কোনো পুশইনের ঘটনা ঘটেনি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমিরুল হক/এনএইচআর/এএসএম

Go to News Site