Somoy TV
মালয়েশিয়ার কুয়ালা তেরেঙ্গানু সিটি কাউন্সিল (এমবিকেটি) যৌথ অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে বাংলাদেশিদের মালিকানাধীন তিনটি মুদি দোকান সিলগালা ও মালামাল জব্দ করেছে।তেরেঙ্গানু রাজ্যের অভিবাসন বিভাগের সহায়তায় মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে এই সমন্বিত অভিযান শুরু হয়ে শেষ হয় দুপুর দেড়টায়। কুয়ালা তেরেঙ্গানুর মেয়র লিজান চে মাত জানান, স্থানীয় ব্যবসা আইনের কঠোর বাস্তবায়ন এবং অবৈধ বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করার লক্ষ্যেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। তদন্তে দেখা গেছে, ওই তিনটি ব্যবসা প্রতিষ্ঠান স্থানীয় কর্তৃপক্ষের কোনো বৈধ লাইসেন্স ছাড়াই চলছিল, যা এমবিকেটি ২০১৩-এর ট্রেড, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লাইসেন্সিং উপ-আইন ৩(১) ধারা লঙ্ঘন করে। এর প্রেক্ষিতে উপ-আইন ৩৮-এর অধীনে প্রদত্ত ক্ষমতাবলে দোকানগুলো সিলগালা করার আইনি পদক্ষেপ নেয়া হয়। আরও পড়ুন: বাংলাদেশিকে অবৈধ ট্যাক্সি সেবা দেয়ায় মালয়েশিয়ায় চালক গ্রেফতার অভিযুক্ত প্রতিষ্ঠান তিনটি হলো- শাফিকাহ মাজু এন্টারপ্রাইজ, চ্যাহায়া তানজুং এন্টারপ্রাইজ এবং আরআর দামাই জয়া ট্রেডিং। জব্দ সমস্ত মালামাল ও ব্যবসায়িক সরঞ্জাম পরবর্তী আইনি পদক্ষেপের জন্য চেনড্রিংয়ে অবস্থিত এমবিকেটি’র এনফোর্সমেন্ট অ্যান্ড কার পার্কিং সার্ভিসেস বিভাগের স্টোরে পাঠানো হয়েছে। মেয়র জানিয়েছেন, বৈধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং শহরের সমস্ত ব্যবসায়িক কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের কঠোর এনফোর্সমেন্ট অভিযান আগামীতেও জোরদার রাখা হবে।
Go to News Site