Jagonews24
রাত গভীর হলে অনেকেরই হঠাৎ ক্ষুধা লাগে। তখন হাতের কাছে যা পাওয়া যায়, তাই খেয়ে ফেলেন অনেকে। বিশেষ করে প্রক্রিয়াজাত খাবারই বেশি খাওয়া হয়। কিন্তু পুষ্টিবিদদের মতে, মাঝরাতে এমন খাবার খাওয়ার অভ্যাস দীর্ঘমেয়াদে ওজন বৃদ্ধি, ডায়াবেটিস, বদহজম এবং ঘুমের সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। মাঝরাতের ক্ষুধা মেটাতে তাই স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া জরুরি। এ ক্ষেত্রে পেস্তা বাদাম হতে পারে একটি আদর্শ বিকল্প। সুস্বাদু এই বাদাম শুধু ক্ষুধা মেটায় না, বরং শরীরকে প্রয়োজনীয় পুষ্টিও সরবরাহ করে। একই সঙ্গে এটি ঘুমের মান উন্নত করতেও সাহায্য করতে পারে। আসুন জেনে নেওয়া মাঝে রাতে কেন পেস্তা বাদাম খাবেন- প্রোটিনে ভরপুর পেস্তা পেস্তা বাদাম প্রোটিনের একটি ভালো উৎস। প্রায় ২৮ গ্রাম পেস্তায় থাকে প্রায় ৬ গ্রাম প্রোটিন। এছাড়া এতে রয়েছে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড, যা শরীরের নানা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাঝরাতে ক্ষুধা লাগলে কয়েকটি পেস্তা খেলে দ্রুত পেট ভরা অনুভূতি আসে। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায়। পাশাপাশি শরীর প্রয়োজনীয় শক্তিও পায়। নিয়মিত পরিমিত পরিমাণে পেস্তা খেলে পেশির কার্যকারিতা বজায় রাখতেও সহায়তা করে। ঘুমের মান উন্নত করতে সাহায্য করে রাতে অতিরিক্ত মসলাদার, তৈলাক্ত বা চিনি সমৃদ্ধ খাবার খেলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। অন্যদিকে পেস্তা একটি হালকা ও পুষ্টিকর খাবার, যা রাতের ক্ষুধা মেটানোর পাশাপাশি ঘুমের জন্যও উপকারী। পেস্তায় রয়েছে পর্যাপ্ত ম্যাগনেশিয়াম, যা স্নায়ুকে শিথিল করতে সাহায্য করে। এই খনিজ উপাদান মানসিক চাপ কমাতে এবং শরীরকে আরামদায়ক অনুভূতি দিতে ভূমিকা রাখে। ফলে সহজে ঘুম আসে এবং ঘুমের মানও ভালো থাকে। কম ক্যালরিতে বেশি পুষ্টি বাদামজাত খাবার হলেও পেস্তার ক্যালরি তুলনামূলকভাবে অনেক নিয়ন্ত্রিত। এতে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন ও প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা শরীরের জন্য উপকারী।আমন্ড বা চিনাবাদামের তুলনায় পেস্তার ক্যালরি কিছুটা কম হওয়ায় এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। তাই যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তারাও কম পরিমাণে পেস্তা খেতে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেস্তায় রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে ক্ষতিকর ফ্রি র্যাডিকেলের আক্রমণ থেকে রক্ষা করে। এসব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে এবং শরীরকে সুস্থ রাখতে ভূমিকা রাখে। হজমশক্তি ও অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে পেস্তা ফাইবারসমৃদ্ধ একটি খাবার। ফাইবার হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। নিয়মিত পরিমিত পরিমাণে পেস্তা খেলে কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কমতে পারে এবং মেটাবলিজমও সক্রিয় থাকে। চোখের জন্যও উপকারী পেস্তায় ক্যারোটিনয়েড, লিউটিন এবং জিক্সানথিনের মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। এগুলো চোখের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বয়সজনিত দৃষ্টিশক্তি হ্রাসের ঝুঁকি কমাতেও এসব উপাদান সহায়ক হতে পারে। ত্বক ও চুলের যত্নে সাহায্য করে পেস্তায় থাকা ভিটামিন সি ও ভিটামিন ই ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য উপকারী। এগুলো ত্বককে উজ্জ্বল রাখতে এবং কোষের ক্ষয় প্রতিরোধে সাহায্য করে। পাশাপাশি চুলের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টি নিশ্চিত করতেও ভূমিকা রাখে।মাঝরাতে ক্ষুধা লাগলে স্ন্যাকসের পরিবর্তে পেস্তা বাদাম খেতে পারেন। যেকোনো খাবারের মতোই পেস্তা পরিমিত পরিমাণে খাওয়াই সবচেয়ে ভালো। এতে আপনি পাবেন সুস্বাদু একটি স্ন্যাকসের স্বাদ, পাশাপাশি মিলবে স্বাস্থ্যগত নানা উপকারও। সূত্র:দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, হেলথ লাইন আরও পড়ুন সকালের নাস্তায় যেসব খাবার রাখলে হতে পারে ক্ষতি টক দইয়ে চিনি ও লবণ মেশানোর আগে সতর্ক হোন এসএকেওয়াই
Go to News Site