Jagonews24
বান্দরবানের রুমায় জঙ্গল থেকে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের মাথায় গুলির চিহ্ন রয়েছে। এ ঘটনায় উপজেলার গালিঙ্গ্যা ইউপির জৈতুন পাড়া এলাকার সন্দেহভাজন ১২ জনকে জিজ্ঞাসাবাদ চলছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) সকালে জৈতুন পাড়া এলাকার জঙ্গলে স্থানীয় কয়েকজন বাগানে কাজ করতে গেলে তারা মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে খবর দেওয়া হলে পুলিশ ও বলিপাড়া বিজিবি সদস্যদের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই এলাকার সন্দেহভাজন ১২ জনকে রুমা থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অর্ধগলিত মরদেহটি কোনো বাঙালি ব্যবসায়ীর। মাথায় গুলির চিহ্ন থাকায় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, মরদেহটির মাথায় গুলির চিহ্ন থাকায় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিচয় শনাক্ত করতে সিআইডির ফরেনসিকের সদস্যরা আসছেন। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান। নয়ন চক্রবর্তী/এসআর/এমএস
Go to News Site