Collector
Giriş Yap
ঝলক দেখানোর অপেক্ষায় মাত্র ১৭ বছরের গিলবার্তো মোরা | Collector
ঝলক দেখানোর অপেক্ষায় মাত্র ১৭ বছরের গিলবার্তো মোরা

ঝলক দেখানোর অপেক্ষায় মাত্র ১৭ বছরের গিলবার্তো মোরা

ফিফা বিশ্বকাপে খেলা কম বয়সী ফুটবলারের রেকর্ড এখনো উত্তর আয়ারল্যান্ডের নরম্যান হোয়াইটসাইডের দখলে। ১৯৮২ সালের বিশ্বকাপে তিনি খেলেছিলেন ১৭ বছর ৪১ দিন বয়সে। এক সময় এই রেকর্ড ছিলো ব্রাজিলের কিংবদন্তি পেলের। তিনি বিশ্বকাপ খেলেছিলেন ১৭ বছর ২৩৫ দিন বয়সে। এবারের বিশ্বকাপেও ১৭ বছর বয়সের ঘরে থাকা একজন ফুটবলার আছেন। এবার যে ৪৮টি দেশ খেলছে এবং দলগুলোর ঘোষিত স্কোয়াডের মধ্যে সবচেয়ে কমবয়সী ওই তরুণ ফুটবলার যৌথ আয়োজক মেক্সিকোর। গিবার্তো রাফায়েল মোরা জামব্রানো নামের এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার যদি দলের হয়ে খেলার সুযোগ পান তাহলে তিনিই হবেন ২০২৬ বিশ্বকাপে খেলা সবচেয়ে কম বয়সী ফুটবলার। তিনি খেললেও রেকর্ড হবে না। কারণ মোরার বয়স হবে ১৭ বছর ২৪০ দিন। গত বছরই জাতীয় দলে অভিষেক হওয়া এই তরুণ ফুটবলার সুযোগ পেলে ঘরের মাঠের বিশ্বকাপে ঝলক দেখাতে মুখিয়ে আছেন। ফুটবল বিশ্বকাপ মানে শুধু অভিজ্ঞতা আর তারকাদের লড়াই’ই নয়, এখানে উঠে আসে তরুণ প্রতিভার ঝলকও। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়দের অবদান ফুটবলপ্রেমীদের মনে বিশেষ দাগ কাটে বরাবরই। যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো আয়োজিত ৪৮ দলের বিশ্বকাপেও এই ঐতিহ্য অব্যাহত রয়েছে। এই বিশ্বকাপেও দর্শকদের চোখ আটকে যাবে অনেক তরুণ খেলোয়াড়ে। মেক্সিকোর গিলবার্তো মোরা হতে পারেন তেমন একজন। উত্তর আয়ারল্যান্ডের নরম্যান হোয়াইটসাইডের কথা উল্লেখ করা হয়েছে আগেই। ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে মাত্র ১৭ বছর ৪১ দিন বয়সে মাঠে নেমে তিনি ইতিহাস গড়েন। এরপর কম বয়সে বিশ্বকাপ খেলাদের তালিকায় আছেন ১৭ বছর ৯৯ দিন বয়সে ক্যামেরুনের স্যামুয়েল ইতো, ১৭ বছর ১০১ দিন বয়সী নাইজেরিয়ার ফেমি ওপাবুনমি এবং ১৭ বছর ২৩৫ দিন বয়সে ব্রাজিলের কিংবদন্তি পেলে বিশ্বকাপ খেলেছিলেন। ২০২৬ বিশ্বকাপে মেক্সিকোর মিডফিল্ডার গিলবার্তো মোরা সবচেয়ে কম বয়সী ফুটবলার। তার জন্ম ২০০৮ সালের ১৪ অক্টোবর। দেশটির অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলের সিঁড়ি বেয়ে এক বছর আগে অভিষেক ঘটিয়েছেন সিনিয়র দলে। মেক্সিকোর জার্সিতে ৮টি ম্যাচ খেলেই জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ দলে। জাতীয় দলের ক্যারিয়ারের দ্বিতীয় বছরেই অনন্য এক অভিজ্ঞতার সামনে এই তরুণ। মেক্সিকোর পেশাদার লিগের ক্লাব তিজুয়ানার যুব দল থেকে সিনিয়র দলে খেলছেন। এরই মধ্যে ক্লাবটির জার্সিতে অর্ধশত ম্যাচ খেলার মাইলফলকও অতিক্রম করেছেন। মোরা ইতিমধ্যে গোল্ডকাপ জিতেছেন। এবারের বিশ্বকাপে ১৭ বছর বয়সের মধ্যে আর কোনো ফুটবলার নেই। তার চেয়ে একটু বেশি বয়সের আছেন কয়েকজন। যেমন চেক প্রজাতন্ত্রের হুগো সোচুরেক (১৮ বছর ৪ দিন), জার্মানির লেনার্ট কার্ল (১৮ বছর ১০৯ দিন) এবং সেনেগালের ইব্রাহিম এমবায়ে (১৮ বছর ১৩৮ দিন)। তারাও এবারের আসরে ঝলক দেখাতে প্রস্তুত। আরআই/আইএইচএস/

Go to News Site