Collector
Giriş Yap
প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে টাউন সাব-পোস্ট অফিসের পুনর্যাত্রা | Collector
প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে টাউন সাব-পোস্ট অফিসের পুনর্যাত্রা

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে টাউন সাব-পোস্ট অফিসের পুনর্যাত্রা

সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ঐতিহ্যবাহী ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের শুরু হয়েছে। এলাকার মানুষের আধুনিক ডাকসেবা নিশ্চিত করতে দীর্ঘ দিন বন্ধ থাকার পর এই সাব-পোস্ট অফিসটির নবযাত্রা শুরু হলো।মঙ্গলবার (৯ জুন) দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ডাকঘরের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সিলেট বিভাগীয় প্রধান ডাকঘরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) সুজিত চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে দুপুর ১২টায় ‘বিরাহিমপুর ডাকঘর’ নামক এই টাউন সাব-পোস্ট অফিসের নব-কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের নিকটজন, ডাক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর আগে সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং পোস্ট অফিস পরিদর্শক (শহর) রুনু চক্রবর্তীর পরিচালনায় একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিপিএমজি সুজিত চক্রবর্তী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সম্মানিত শ্বশুর মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খাঁনের দাদা মরহুম খাঁন বাহাদুর ডা. আছদ্দর আলী জীবদ্দশায় তার এই বাড়িতে ডাকবিভাগকে ১৬ শতক জমি দান করেছিলেন। সেখানে স্থাপন করা হয়েছিল শাখা ডাকঘর। কিন্তু ভবন পরিত্যক্ত হওয়ায় ২০১৩ সালে এ ডাকঘরের কার্যক্রম পার্শ্ববর্তী সিলাম সাব-পোস্ট অফিসে স্থানান্তর করা হয়।’ তিনি জানান, ২০২৪ সালে এ ডাকঘরকে টাউন সাব-পোস্ট অফিস হিসেবে উন্নীত করে পুনরায় কার্যক্রম চালুর উদ্যোগ নেয়া হয়। সম্প্রতি ডাক অধিদফতরের মহাপরিচালক (ডিজি) কাজী আসাদুল ইসলামের নির্দেশ এবং চট্টগ্রাম অঞ্চলের পোস্টমাস্টার জেনারেল (পিএমজি) মো. আবু তালেবের সার্বিক তত্ত্বাবধানে ও সিলেট বিভাগীয় ডাকঘরের ব্যবস্থাপনায় ভবনের সংস্কারকাজ শেষ করা হয়। আরও পড়ুন: ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী মরহুম খাঁন বাহাদুর ডা. আছদ্দর আলীসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুরবাড়ির সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সুজিত চক্রবর্তী বলেন, ‘স্থানীয় মানুষের ডাকসেবা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যেই তারা বহু বছর আগে এই মহান উদ্যোগ নিয়েছিলেন। আজ আমরা সেই উদ্যোগকে সবাই এগিয়ে নিয়ে যাব এবং স্থানীয়দের সকল আধুনিক ডাকসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।’ উক্ত সভায় বিশেষ অভিনন্দনের সাথে বক্তব্য রাখেন ‘খাঁন বাহাদুর ডা. আছদ্দর আলী ওয়াকফ স্টেট’র মুতাওয়াল্লি বাবর আলী খাঁন, বিশিষ্ট সমাজসেবক আসাদ উদ্দিন, সিলেট প্রধান ডাকঘরের এপিএম লিপ্টন রঞ্জন রায় ও এপিএম মুজিবুর রহমান খান পাঠান। সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন স্থানীয় মসজিদের খতিব ও ইমাম মাওলানা আনোয়ার হোসেন এবং গীতা পাঠ করেন ডাকবিভাগের কর্মকর্তা চুমকি রানী তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট প্রধান ডাকঘরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিরাহিমপুর ডাকঘরের পোস্টমাস্টার ও স্থায়ী কমিটির সদস্যদের সম্মাননা জানানো হয়।

Go to News Site