Somoy TV
প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে আগামী শনিবার (১৩ জুন) কক্সবাজার আসছেন। তার এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দফতরগুলো ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।ইতোমধ্যে সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মোহাম্মদ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শনিবার সকাল ১০টায় আকাশপথে কক্সবাজার পৌঁছাবেন এবং রাত ১০টায় আকাশপথে ঢাকায় ফিরবেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার সদরের পিএমখালীতে পাতলীখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় সেখানে এক পথসভায় বক্তব্য দেবেন তিনি। উল্লেখ্য, এই খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম খনন শুরু করেছিলেন। সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে। বেলা ১২টায় সেখানে ‘সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন শেষে তিনি ডুলাহাজারা সাফারি পার্ক ঘুরে দেখবেন। এরপর প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলায় ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আরও পড়ুন: একনেক সভায় ২২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন দুপুর দেড়টায় তিনি নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোনাজাতে অংশ নেবেন। এরপর পেকুয়ায় গিয়ে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও যোগ দেবেন। সেখানে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে চকরিয়ার উদ্দেশে যাত্রা করবেন তিনি। বিকেল ৪টায় চকরিয়া পৌরসভা এলাকায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে সন্ধ্যা ৬টায় তিনি মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন। সফরের শেষ পর্যায়ে রাত ৮টায় কক্সবাজারের কলাতলীস্থ লং বিচ হোটেলে স্থানীয় সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। এদিকে, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও সফর ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রস্তুতি লক্ষ্য করা গেছে।
Go to News Site