Jagonews24
দেশের আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে বিজয়ীদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সুপ্রিম কোর্ট বারের উদ্যোগে মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। এসময় সুপ্রিম কোর্ট বারের সাবেক ও বর্তমান সভাপতি ব্যারিস্টার এএম মাহববু উদ্দিন খোকন, নবনির্বাচিত সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক, অন্যান্য সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক সাবেক বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের অন্যান্য আইন কর্মকর্তা, সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন। এর আগে গত ১৫ মে সুপ্রিম কোর্ট বারের ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এতে ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টি পদে বিজয়ী হন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা। সদস্যের একটি পদে জয় পান জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেলের (সবুজ প্যানেল) প্রার্থী। ঘোষিত ফলাফল অনুসারে, নীল প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ২ হাজার ৯৮৪ ভোট পেয়ে জয়ী হন। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে ২ হাজার ৫৮২ ভোট পেয়ে অ্যাডভোকেট মোহাম্মদ আলী জয় পান। গত ১৩ মে ও ১৪ মে দুদিনব্যাপী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ইতিহাসে প্রথমবারের মতো এবারের নির্বাচনে আওয়ামীপন্থি (সাদা প্যানেল) আইনজীবীরা অংশ নিতে পারেননি। এফএইচ/এমকেআর
Go to News Site