Jagonews24
কক্সবাজারের চকরিয়ায় নবগঠিত মাতামুহুরি উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় প্রবাসীর স্ত্রী ও তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুন) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মাসুদ এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৮-১০ জনের সশস্ত্র ডাকাতদল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নেন। একপর্যায়ে ওই বাড়িতে অবস্থানরত প্রবাসীর স্ত্রী ও তার মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করে বেরিয়ে যান। পরে মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ভুক্তভোগী স্কুলছাত্রীর মামা জানান, তার বোন ও ভাগনির ওপর পাশবিক অত্যাচার চালিয়েছে ডাকাতদল। বর্তমানে ভাগনির অবস্থা আশঙ্কাজনক। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। আটকদের মাঝে রেজাউল, মেহেদী, বাবু, কেফায়েত ও তানজিদের নাম জানা গেছে। তবে, পুলিশের পক্ষ থেকে এখনো আটকদের ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি। আটকরা সবাই পূর্ব বড়ভেওলা ইউনিয়নের বাসিন্দা। চকরিয়া থানার ওসি মনির হোসেন জানান, আটকদের মধ্যে তিনজনকে ভিকটিমরা শনাক্ত করেছেন। বাকি তিনজন সন্দেহভাজন হিসেবে পুলিশ হেফাজতে রয়েছেন। সঙ্গত কারণে তাদের নাম প্রচার করা হচ্ছে না। তিনি বলেন, ‘পুরো টিমকে ধরতে পুলিশ মাঠে রয়েছে। শিগগির লুণ্ঠিত মালামাল উদ্ধারের বিষয়ে আমরা আশাবাদী। এ ঘটনায় কঠিন আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ সায়ীদ আলমগীর/এসআর/এমএস
Go to News Site