Collector
Giriş Yap
ইরানের সমর্থকদের বিশ্বকাপের টিকিট বরাদ্দ বাতিল! | Collector
ইরানের সমর্থকদের বিশ্বকাপের টিকিট বরাদ্দ বাতিল!

ইরানের সমর্থকদের বিশ্বকাপের টিকিট বরাদ্দ বাতিল!

আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা ইরানের সমর্থকদের জন্য বরাদ্দকৃত বিশ্বকাপের টিকিট প্রত্যাহার করেছে বলে দাবি করেছে দেশটির ফুটবল ফেডারেশন। ফলে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ইরানের তিনটি গ্রুপ পর্বের ম্যাচে সমর্থকদের জন্য টিকিট সরবরাহ করতে পারছে না ফেডারেশন। বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দলের প্রতিটি ফেডারেশন সাধারণত সংশ্লিষ্ট ম্যাচের স্টেডিয়াম ধারণক্ষমতার প্রায় ৮ শতাংশ টিকিট পেয়ে থাকে, যা তারা নিজেদের সমর্থকদের মধ্যে বিতরণ করে। তবে ইরান ফুটবল ফেডারেশনের দাবি, টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক দিন আগে তারা জানতে পেরেছে যে সমর্থকদের জন্য আর কোনো টিকিট বরাদ্দ থাকছে না। এ বিষয়ে ফিফার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এই সিদ্ধান্তকে ঘিরে ইরানের ফুটবল প্রশাসন, ফিফা এবং বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের রাজনৈতিক ও সামরিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নানা জটিলতার মুখে পড়েছে। ইরান দলের মূল পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের টাকসন শহরে অনুশীলন করা। তবে পরিস্থিতির কারণে দলটি বর্তমানে মেক্সিকোর তিজুয়ানাতে অবস্থান করছে এবং সেখান থেকেই বিশ্বকাপ প্রস্তুতি চালাচ্ছে। এছাড়া ইরান ফুটবল ফেডারেশনের কয়েকজন কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসাও দেওয়া হয়নি বলে জানা গেছে। বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আসরে অংশগ্রহণকারী দলগুলোর সমর্থকদের টিকিট পাওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছে। ২০১৭ সালে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেছিলেন, কোনো দল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করলে তাদের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের আয়োজক দেশে প্রবেশের সুযোগ থাকতে হবে, অন্যথায় তা পূর্ণাঙ্গ বিশ্বকাপের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এদিকে, বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য মনোনীত সোমালিয়ার এক ফিফা রেফারিও সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন বলে জানা গেছে। এই পরিস্থিতিতে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এবং তাদের সমর্থকদের উপস্থিতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরান তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৫ জুন ইঙ্গলউডে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দলটি ২৬ জুন সিটলে খেলবে মিশরের বিপক্ষে। এমএমআর

Go to News Site