Collector
Giriş Yap
চীনের কুনমিংয়ে আন্তর্জাতিক মেলায় ‘থিম কান্ট্রি’ বাংলাদেশ | Collector
চীনের কুনমিংয়ে আন্তর্জাতিক মেলায় ‘থিম কান্ট্রি’ বাংলাদেশ

চীনের কুনমিংয়ে আন্তর্জাতিক মেলায় ‘থিম কান্ট্রি’ বাংলাদেশ

চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে আন্তর্জাতিক প্রদর্শনী ও মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এই মেলার ‘থিম কান্ট্রি’। বুধবার (১০ জুন) কুনমিংয়ের ডিয়ানচি ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ‘১০ম চীন-দক্ষিণ এশিয়া এক্সপো এবং ৩০তম চীন কুনমিং আমদানি-রপ্তানি মেলা-২০২৬’ নামে এ মেলা শুরু হবে। মেলা চলবে ১৬ জুন পর্যন্ত। মঙ্গলবার (৯ জুন) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ​রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ব্যবস্থাপনায় এবং কুনমিংয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ। ছয় দিনব্যাপী এ মেলায় বিশ্বের ৬৮ দেশের প্রায় ২ হাজার ৩০০ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় এবার রেকর্ডসংখ্যক ১০১টি বাংলাদেশি প্রতিষ্ঠানের ১৭৫ জন প্রতিনিধি তৈরি পোশাক, পাটজাত পণ্য ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন খাতের বৈচিত্র্যময় পণ্যের পসরা সাজিয়ে বসছেন। ​মেলায় ‘বাংলাদেশ ডে’ ও বিশেষ আয়োজন ​মেলার উদ্বোধনী দিনেই ‘থিম কান্ট্রি’ হিসেবে বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরপর মেলার দ্বিতীয় দিন (১১ জুন) বিশেষভাবে উদযাপিত হবে ‘বাংলাদেশ ডে’। ​এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া ইউনান প্রদেশের গভর্নরসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ‘বাংলাদেশ ডে’ অনুষ্ঠানে মূলপ্রবন্ধ পাঠ করবেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। জানা গেছে, মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের শীর্ষস্থানীয় তৈরি পোশাক (আরএমজি), টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস (ওষুধ), সিরামিকস, হস্তশিল্প, পাট ও পাটজাত পণ্য এবং চামড়াজাত পণ্য প্রদর্শন করা হবে। ​রপ্তানিকারকরা আশা করছেন, এই মেলার মাধ্যমে চীনের বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের অবস্থান আরও সুসংহত হবে। মেলা চলাকালীন সারাবিশ্ব থেকে আসা ক্রেতা, দর্শনার্থী ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশি উদ্যোক্তাদের ফলপ্রসূ মতবিনিময় হবে। ​প্যাভিলিয়নে অংশগ্রহণকারী প্রতিনিধিরা জানান, ওয়ান-টু-ওয়ান এবং বিজনেস-টু-বিজনেস (বিটুবি) নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে, যা বাংলাদেশের রপ্তানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এনএইচ/বিএ

Go to News Site