Somoy TV
লক্ষ্মীপুরে পতাকা টানানোকে কেন্দ্র করে আজাদ হোসেন (২৮) নামে এক আর্জেন্টিনা সমর্থককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে রিফাত হোসেন নামের এক ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে।সোমবার (৮ জুন) বিকেলে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত আজাদ ওই এলাকার আব্দুর রহমানের ছেলে এবং অভিযুক্ত রিফাত একই এলাকার আবদুল মজিদের ছেলে। ঘটনার পর স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী আজাদ হোসেন জানান, কয়েকজন বন্ধু মিলে আর্জেন্টিনার একটি পতাকায় নিজেদের ছবি যুক্ত করে তা টানাতে যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় যান তারা। কিন্তু আগে থেকেই ব্রাজিল সমর্থক রিফাত আর্জেন্টিনা সমর্থকদের পতাকা না টানানোর হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন বিকেলে কোনো ধরনের বাকবিতণ্ডা ছাড়াই রিফাত তার ওপর হামলা চালান। একপর্যায়ে রিভলবার দিয়ে মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। আহত আজাদের বড় ভাই ব্যবসায়ী মনির হোসেন অভিযোগ করে বলেন, ‘রিফাত এর আগেও চাঁদার জন্য আমার বুকে রিভলবার ঠেকিয়েছিল। এতে বাধ্য হয়ে একপর্যায়ে আমি দোকান বন্ধ করে দিই। এখন সে আমার ভাইয়ের ওপরও হামলা চালিয়েছে।’ এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। আরও পড়ুন: ১০০ ফুটের আর্জেন্টিনার পতাকা ও মেসির অবয়ব নিয়ে বিশাল শোভাযাত্রা এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে রিফাত হোসেন বলেন, ‘আমি কাউকে মারধর করিনি। তারা এলাকায় ছাত্রলীগের প্রচারণা চালাতে চেয়েছিল, আমরা সেটির প্রতিবাদ করেছি।’ এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ‘ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
Go to News Site