Collector
Giriş Yap
বিশ্বকাপ দেখা হচ্ছে না ইরানি সমর্থকদের | Collector
বিশ্বকাপ দেখা হচ্ছে না ইরানি সমর্থকদের

বিশ্বকাপ দেখা হচ্ছে না ইরানি সমর্থকদের

দরজায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ। দুদিন পরই শুরু হবে গ্রেটেস্ট শো অন আর্থের মাঠের লড়াই। এমন সময়ই দুঃসংবাদ এল ইরান ফুটবল সমর্থকদের জন্য। বিশ্বকাপে মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছে না দেশটির সমর্থকরা।ফিফার নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিটি দেশ স্টেডিয়ামের মোট আসনের আট শতাংশ টিকিট নিজ দেশের সমর্থকদের মাঝে বিতরণের জন্য পেয়ে থাকে। ইরান ফুটবল ফেডারেশন ইতিমধ্যে তাদের সেই নির্দিষ্ট কোটা হাতে পেয়ে সমর্থকদের কাছে টিকিট বিক্রির প্রক্রিয়াও শুরু করে দিয়েছিল। তবে এমন সময়, দুঃসংবাদ আসে তাদের জন্য। আজ (৯ জুন) এক বিবৃতিতে ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিশ্বকাপে ইরানের জন্য বরাদ্দকৃত টিকিট শেষ মুহূর্তে এসে বাতিল করা হয়েছে। বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে এমন সিদ্ধান্তকে ফুটবলের চেতনা পরিপন্থী এবং নোংরা রাজনৈতিক হস্তক্ষেপ বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তারা। আজ এক বিবৃতিতে এফএফআইআরআই জানায়, অফিশিয়াল প্রক্রিয়া অনুসরণ করে অসংখ্য ইরানি সমর্থক ম্যাচ দেখার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার পরও তাদের টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না। ইরানি সমর্থকদের তাদের আইনসম্মত ও অফিশিয়াল টিকিটের অধিকার থেকে বঞ্চিত করা আন্তর্জাতিক প্রতিযোগিতার চেতনা এবং সমতার নীতির সম্পূর্ণ পরিপন্থী। বিবৃতিতে সরাসরি কারও নাম উল্লেখ না করলেও ফেডারেশন ইঙ্গিত দিয়েছে যে, এর পেছনে খেলাধুলার বাইরের রাজনৈতিক কারণ জড়িত। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরান আক্রমণের পর থেকে দুই দেশের মধ্যে যে যুদ্ধাবস্থা চলছে, তারই সরাসরি প্রভাব পড়েছে এবারের ফুটবল বিশ্বকাপে। টিকিট বাতিলের পাশাপাশি ইরানের জন্য একের পর এক আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করছে ওয়াশিংটন। ইতোমধ্যে ইরানের ফুটবল প্রতিনিধি দল ও প্রশাসনিক কর্মকর্তা মিলিয়ে প্রায় ১৫ জন সাপোর্ট স্টাফের ভিসা দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রশাসন। একইসঙ্গে ইরান থেকে সরাসরি বিশ্বকাপ দেখতে যাওয়ার ক্ষেত্রে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি রয়েছে। এই প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির কারণে ইরান দল মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় তাদের পূর্বনির্ধারিত প্রস্তুতি ক্যাম্প বাতিল করতে বাধ্য হয় এবং পরবর্তীতে মেক্সিকোর টিজুয়ানাতে গিয়ে অনুশীলন সম্পন্ন করে। আরও পড়ুন: আর্জেন্টিনার থেকে একাদশ গোপন রাখতে আলজেরিয়ার অভিনব কৌশল রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বিশ্বকাপের গ্রুপ 'জি'-তে থাকা ইরানের তিনটি ম্যাচই মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ১৫ জুন ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এরপর ২২ জুন লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে শক্তিশালী বেলজিয়াম এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৭ জুন সিয়াটলের লুমেন ফিল্ডে মিশরের মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচগুলো যথাক্রমে সকাল ৭টা, রাত ১টা এবং সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। উদ্ভূত পরিস্থিতিতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিরপেক্ষতা বজায় রাখার নীতি মনে করিয়ে দিয়ে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছে ইরান। তবে ইরানি ফুটবল ফেডারেশনের এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে ফিফা কিংবা মার্কিন বিশ্বকাপ আয়োজক কমিটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।

Go to News Site