Somoy TV
পাচারের জন্য বন্যপ্রাণী সংগ্রহ করতে গত সোমবার (৮ জুন) রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলায় গিয়ে গ্রেফতার হন হাদিস রহমান নামের এক ব্যক্তি। অন্যদিকে আজ মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ৪২টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। বন অধিদফতর বলছে, মিরপুরের ঘটনার সঙ্গেও হাদিস জড়িত। আর তার স্ত্রী খুশি আন্তর্জাতিক পাচার চক্রের সদস্য।রাজধানীর মিরপুরে বন্যপ্রাণী উদ্ধার নিয়ে মঙ্গলবার (৯ জুন) বন অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর-১২ নম্বরের ইস্টার্ন হাউজিং সংলগ্ন সোনালী বাজার এলাকা থেকে বিভিন্ন প্রজাতির মোট ৪২টি দেশীয় বন্যপ্রাণী জব্দ করা হয়েছে। অভিযানে অবৈধভাবে বন্যপ্রাণী সংরক্ষণ ও পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক অভিযানটি পরিচালনা করেন। উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলোর মধ্যে রয়েছে— রাজধনেশ তিনটি, চশমা-পরা হনুমান তিনটি, পাহাড়ি হলুদ কচ্ছপ ১৩টি,টিয়া পাখি ১২টি, ময়না একটি, লজ্জাবতী বানর তিনটি, ঈগল প্যাঁচা একটি, এশিয়ান পাম সিভেট তিনটি, শজারু তিনটি। আটক ব্যক্তির নাম মো. সাজুদ্দিন (২৪)। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাসিন্দা মো. মগবুল হোসেনের ছেলে। বন অধিদফতর জানায়, উদ্ধার বন্যপ্রাণীগুলোকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার জন্য আপাতত বন অধিদফতরের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে প্রাণীগুলোকে তাদের জন্য উপযুক্ত পরিবেশে স্থানান্তর করা হবে। আরও পড়ুন: বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে ৪২টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার, আটক ১ প্রাথমিক তদন্তে জানা গেছে, এই বন্যপ্রাণী পাচার চক্রের সঙ্গে মোহাম্মদ হাদিস রহমান জড়িত রয়েছেন। তিনি ইতোমধ্যে কক্সবাজারের চকরিয়া বন বিভাগের অভিযানে গ্রেফতার হয়ে জেল হেফাজতে রয়েছেন। তদন্তে আরও তথ্য পাওয়া গেছে, হাদিস রহমানের স্ত্রী খুশি আন্তর্জাতিক পাচার চক্রের সদস্য। তিনি অনলাইনের মাধ্যমে চক্রটির কার্যক্রম সমন্বয় ও নিয়ন্ত্রণ করতেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি অধিকতর তদন্তাধীন রয়েছে এবং পাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে গত সোমবার (৮ জুন) রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ভাঙারমুখ বাজার এলাকা থেকে একটি হনুমান ও ১২টি কচ্ছপসহ হাদিস রহমানকে গ্রেফতার করে বন বিভাগ।
Go to News Site