Collector
Giriş Yap
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: চসিক মেয়র | Collector
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: চসিক মেয়র

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: চসিক মেয়র

শিক্ষার্থীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও খেলাধুলাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নগরজুড়ে খেলার মাঠ, পার্ক ও শিক্ষা অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এমনটি জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাস থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মঙ্গলবার (৯ জুন) দুপুরে দেওয়ানহাট সিটি করপোরেশন কলেজের অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত খেলার মাঠ নেই, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। দেওয়ানহাট কলেজের শিক্ষার্থীদের জন্য রেলের একটি মাঠ সংস্কার করে আধুনিক ক্রীড়া সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাস থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্যেই নগরের বিভিন্ন এলাকায় মাঠ, পার্ক, ওয়াকওয়ে ও ফ্লাডলাইট স্থাপনের কাজ চলছে। স্বাস্থ্যসেবার বিষয়ে মেয়র বলেন, ৯ মাস থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্যে ১০ লাখের বেশি টাইফয়েড টিকা বিনামূল্যে দেওয়া হয়েছে। পাশাপাশি কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি (এইচপিভি) টিকাও বিনামূল্যে দেওয়া হচ্ছে। ডা. শাহাদাত হোসেন দাবি করেন, আধুনিক লার্ভিসাইড ব্যবহারের ফলে চট্টগ্রামে ডেঙ্গু রোগী ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে। গত ছয় মাসে ডেঙ্গুতে মৃত্যুহার শূন্যে নেমে এসেছে বলেও তিনি উল্লেখ করেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আগামী দিনের নেতৃত্ব তাদের হাতেই। তাই পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর নগর গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। প্লাস্টিক, পলিথিন ও আবর্জনা যত্রতত্র না ফেলে নগর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি ছিলেন ড. মোহাম্মদ ছরওয়ার আলম, নাজমা বিনতে আমিন, নিয়াজ মোহাম্মদ খান এবং ফাতেমা বাদশা। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বেগম। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, গভর্নিং বডির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এমআরএএইচ/এএমএ

Go to News Site