Somoy TV
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীনকে ৪ (চার) বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।মঙ্গলবার (৯ জুন) বিকেলে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে যোগদান করেছেন। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, সদ্য বিদায়ী উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, প্রক্টর, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, চাকসুর পরিচালক, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও পরিবেশ ব্যবস্থাপনায় অসামান্য অবদানের জন্য প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বাংলাদেশের বন ও পরিবেশবিজ্ঞান অঙ্গনের অন্যতম বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও প্রশাসক হিসেবে সুপ্রতিষ্ঠিত। প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন দেশের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন গবেষণার অন্যতম অগ্রগণ্য ব্যক্তিত্ব। দীর্ঘ ৩৭ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে তিনি শিক্ষা, গবেষণা, প্রশাসন ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন এবং ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের (IFESCU) এর গ্রেড-১ অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে বন-বাস্তুতন্ত্র ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, কার্বন সিকোয়েস্ট্রেশন ও জিআইএসভিত্তিক গবেষণার ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া জার্মানির গটিঙ্গেন বিশ্ববিদ্যালয়ে Population Genetics ও Isozyme Studies বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডায় জলবায়ু পরিবর্তনের সঙ্গে বন অভিযোজন বিষয়ে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।আরও পড়ুন: চবিতে ন্যাশনাল মুট কোর্ট কম্পিটিশনে চ্যাম্পিয়ন ঢাবিতিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩১ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা করছেন। অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি গবেষণা কর্মকর্তা হিসেবে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটেও (BFRI) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি সুপরিচিত। এশিয়া-প্যাসিফিক ফরেস্ট্রি এডুকেশন কো-অর্ডিনেশন মেকানিজম (APFECM)-এর নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য এবং এশিয়া-প্যাসিফিক অ্যাসোসিয়েশন অব ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউশনস (APAFRI)-এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ সরকারের REDD+ জাতীয় কমিটির বিশেষজ্ঞ সদস্য হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাথে যুক্ত রয়েছেন এবং সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
Go to News Site