Jagonews24
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দারুণ আলোচনায় রয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। তুলনামূলক কম শো পেয়েও প্রেক্ষাগৃহে ব্যাপক দর্শক টানছে ছবিটি। সেইসঙ্গে ভালো ব্যবসাও করছে। ছবির টিম জানিয়েছে, মুক্তির মাত্র আট দিনেই ২ কোটির ক্লাবে প্রবেশ করেছে তারকাবহুল এই সিনেমাটি। এমনটা নিশ্চিত করেছেন পরিচালকও। জানা গেছে, স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস এবং কে-স্ক্রিন সিনেপ্লেক্স থেকে ‘বনলতা এক্সপ্রেস’র গ্রস কালেকশন ২ কোটি ২৬ লাখ টাকা। ছবির পরিচালক তানিম নূর বলেন, ‘দর্শকের কাছ থেকে যে সাড়া পাচ্ছি সেটা অভাবনীয়। প্রত্যেক দর্শক যারাই আসছেন তারা তাদের বন্ধু-বান্ধব, পরিবার নিয়ে ছবিটি দেখতে আসছেন। সবাই দল বেঁধে দেখতে আসছেন। এটা তো আমাদের জন্য অবশ্যই আনন্দের। দর্শকরা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন।’ খোঁজ নিয়ে জানা গেছে, দ্বিতীয় সপ্তাহ থেকে স্টার সিনেপ্লেক্সের ৮টি শাখায় ২১টি, লায়ন সিনেমাসে ৩টি ও ব্লকবাস্টার সিনেমাসে ৪টি শো পেয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। তবে অনেক দর্শক টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখতে বাধ্য হচ্ছেন। সিনেমাটির টিকিট পাচ্ছে না বলে অভিযোগ অনেক দর্শকের। এ প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, ‘এরকম অনেক অভিযোগই পাচ্ছি যে, দর্শক টিকিট পাচ্ছে না। দেখুন, আমি একজন পরিচালক মাত্র, কোনো সিনেমা হলের মালিক নই। এখন টিকিট কিংবা শো বাড়ানো-কমানোর বিষয়টি একান্তই তাদের ব্যাপার। এখন তারা যদি কম শো দেয় তাহলে এটা মেনে নেওয়া ছাড়া আমাদের কিছুই করার নেই।’ একটি ট্রেনযাত্রাকে ঘিরে এগোনো গল্পে যাত্রীদের জীবনের নানা দিক উঠে এসেছে ‘বনলতা এক্সপ্রেস’-এ। হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে। এমআই/এলআইএ/জেআইএম
Go to News Site