Collector
নন-ভ্যাকেশন হচ্ছে সরকারি কলেজের শিক্ষকদের চাকরি | Collector
নন-ভ্যাকেশন হচ্ছে সরকারি কলেজের শিক্ষকদের চাকরি
Jagonews24

নন-ভ্যাকেশন হচ্ছে সরকারি কলেজের শিক্ষকদের চাকরি

সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্য ও অন্য শিক্ষকদের চাকরি নন-ভ্যাকেশন বিভাগ হিসেবে ঘোষণা করার উদ্যোগ নিয়েছে সরকার৷ এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামতের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ বিভাগকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিনের সই করা এক স্মারকে থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, সরকারি কলেজের শিক্ষকরা বর্তমানে ভ্যাকেশন বিভাগের সুবিধা ভোগ করলেও এ সংজ্ঞা পর্যালোচনা করে সংশোধনের বিষয়ে আগে থেকেই আলোচনা চলছিল। অর্থ মন্ত্রণালয়ের এক স্মারকে এ সংজ্ঞা পুনর্বিবেচনার কথা উল্লেখ করা হয় এবং সে অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়। তবে ছুটি বিধিমালা, ১৯৫৯ অনুযায়ী অবকাশ বিভাগের কর্মচারীদের ছুটির বিষয়ে সুস্পষ্ট বিধান থাকায় এ বিধি সংশোধনের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বলেও স্মারকে উল্লেখ করা হয়েছে। এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষাখাতকে সরাসরি নন-ভ্যাকেশন বিভাগ ঘোষণা করা যথাযথ হবে না বলে মত দেয়। তবে একই সঙ্গে বিসিএস (সাধারণ শিক্ষা) ও কারিগরি শিক্ষা ক্যাডারের সদস্যসহ অন্য শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি, গড় বেতনে অর্জিত ছুটিসহ অন্য সুবিধাগুলোর বিষয়টি বিবেচনায় রেখে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ রাখা হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে জাতীয় বেতন কমিশন, ২০২৫-এর মতামত চাওয়া হলে কমিশন জানায়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্য ও অন্য শিক্ষকদের নন-ভ্যাকেশন বিভাগের আওতায় আনার বিষয়ে ২০১৩ সালের বেতন ও চাকরি কমিশনের সুপারিশ বাস্তবসম্মত ও যথাযথ। স্মারকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পাঠানো যৌক্তিকতা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও জাতীয় বেতন কমিশনের মতামতের ভিত্তিতে সরকারি কলেজ শিক্ষকদের নন-ভ্যাকেশন বিভাগ ঘোষণা করার লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য অর্থ বিভাগকে অনুরোধও জানানো হয়েছে। এএএইচ/এমকেআর

Go to News Site