Somoy TV
বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে অনুপম মজুমদার নামের কর্তব্যরত এক চিকিৎসা কর্মকর্তাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।রোববার (২৯ মার্চ) রাতে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এ হামলার ঘটনা ঘটে। বিষ পান করা এক রোগীকে কেন্দ্র করে চিকিৎসা দেয়ার সময় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোববার রাতে বিষ খাওয়া এক রোগীকে নিয়ে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে কয়েকজন যুবক। এ সময় তারা হাসপাতালের বাইরে চিকিৎসকদের উদ্দেশ্য করে গালাগাল করতে থাকে। পরে একদল যুবক হঠাৎ হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করে সেখানে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অনুপম মজুমদারের ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা হাসপাতালের বেশ কিছু মালামাল ও সরঞ্জাম ভাঙচুর করে। হামলার পর হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় ভুক্তভোগী অনুপম মজুমদার বাদী হয়ে মোংলা থানায় সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আরও পড়ুন: মোংলায় সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন বলেন, ‘রোববার রাতে অনুপম ডিউটিতে ছিলেন। কয়েকজন যুবক বিষ খাওয়া গুরুতর এক রোগীকে নিয়ে এসে ওয়াশ করতে বলেন। এ সময় অনুপম রোগী কী ধরনের বিষ খেয়েছে এমন প্রশ্ন করলে যুবকরা তার ওপর চড়াও হয় এবং তাকে গালমন্দ করতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই সাথে থাকা যুবকরা তাকে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করে এবং জরুরি বিভাগের বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করে। এ ব্যাপারে সাতজনকে আসামি করে অনুপম থানায় মামলা দায়ের করেছেন।’ মোংলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, ‘আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।’
Go to News Site