Jagonews24
রাষ্ট্রপতি ও আইজিপিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরির মাধ্যমে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম মো. রিপন (২৩)। সোমবার (৩০ মার্চ) রাত সোয়া ৮টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের (দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার (ডিসি) তরিকুল ইসলাম। এদিন বিকেল সাড়ে ৪টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম টিম। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তরিকুল ইসলাম বলেন, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি তৈরির মাধ্যমে সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করে আসছে। তিনি বলেন, ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম টিম বিষয়টি মনিটরিং করে তথ্যপ্রযুক্তির সহায়তায় রিপনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে শাহবাগ থানায় মামলা করা হচ্ছে। এসব ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদেরও শনাক্ত ও গ্রেফতারের কার্যক্রম অব্যহত আছে। গ্রেফতার রিপনের প্রতারণার কৌশল জানিয়ে তিনি বলেন, তার কাছ থেকে জব্দ করা স্মার্টফোনটিতে ‘ডাক্তার আয়েশা খাতুন’ নামের একটি ভুয়া ফেসবুক আইডি লগইন অবস্থায় পাওয়া যায়। যার মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন ব্যক্তিদের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হয়েছিল। এই আইডি থেকে সে নিয়মিতভাবে বিভিন্ন লোকজনের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ তৈরি করে তাদের কাছে টাকা-পয়সা দাবি করতো। কেআর/এমকেআর
Go to News Site