Somoy TV
খুলনা মহানগরীতে দ্রুতগামী ইজিবাইকের ধাক্কায় রিকশা থেকে পড়ে মৌমিতা হালদার নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে মহানগরীর সদর থানাধীন জেলা পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। ২৬ বছর বয়সি নিহত ওই শিক্ষার্থী সদর থানার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। জানা যায়, মৌমিতা রিকশায় করে ডাকবাংলা মোড় থেকে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় একই দিক থেকে আসা দ্রুতগতির একটি ইজিবাইক তার রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: নিয়োগ যাচাইয়ে অনিয়মের অভিযোগে খুবির দুই শিক্ষককে বহিষ্কার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পরিবারের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় মামলা নেয়া হবে। ইজিবাইক চালককে গ্রেফতারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।’ দুর্ঘটনার পর স্বজনরা নিহতের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
Go to News Site