Somoy TV
ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় এক কৃষক ও এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেল ও রাতে এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে।ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আব্দুর রহমান (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ওই গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছিলেন। লক্ষ্মীমোড়া গ্রামের বাসিন্দা মো. জাকির মিয়া জানান, প্রতিদিনের মতো কাজ শেষে বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজার থেকে নিজ গ্রামে ফিরছিলেন আব্দুর রহমান। পথে জলফো মেম্বারের বাড়ির পুকুর পাড়ে পৌঁছালে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সন্ধ্যার পর থেকেই ওই এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে বিজলি চমকাচ্ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব সরকার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে নিহতের বিষয়ে খোঁজখবর নেন। পরিবারের আপত্তি না থাকলে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। আরও পড়ুন: ঝিনাইদহে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের এদিকে, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. শরীফ মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার ঢাকী ইউনিয়নের বাহিরাচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফ মিয়া একই ইউনিয়নের মুন্সিপুর গ্রামের আসাদ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ির পাশের বাহিরচর হাওরে ঘাস কাটতে যান শরীফ মিয়া। বিকেলে হালকা বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
Go to News Site