Somoy TV
আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত প্রদর্শনী করে সহজ জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংসকে মাত্র ১২৭ রানে গুটিয়ে দিয়ে লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২.১ ওভারেই জয় নিশ্চিত করে তারা। এই জয়ের মূল নায়ক ১৫ বছর বয়সি ওপেনার বৈভব সূর্যবংশী, যার ঝড়ো ইনিংসে ছিন্নভিন্ন হয়ে যায় চেন্নাইয়ের বোলিং আক্রমণ।গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে সোমবার (৩০ মার্চ) টস জিতে আগে ব্যাট করতে নামে চেন্নাই। কিন্তু শুরু থেকেই চাপে পড়ে তারা। পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। একপর্যায়ে ৮২ রানে ৮ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে চেন্নাই। সেখান থেকে কিছুটা প্রতিরোধ গড়েন জেমি ওভারটন। ৩৬ বলে ৪৩ রানের ইনিংসে দলকে ১২৭ রানে পৌঁছাতে সাহায্য করেন তিনি।রাজস্থানের হয়ে বল হাতে দারুণ পারফরম্যান্স করেন জফ্রা আর্চার, নান্দ্রে বার্গার ও রবীন্দ্র জাদেজা—প্রত্যেকে নেন দুটি করে উইকেট।১২৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। ইনিংসের প্রথম বলেই জীবন পাওয়ার পর পরের বলেই ছক্কা হাঁকিয়ে আত্মবিশ্বাসের জানান দেন তিনি। এরপর আর থামেননি এই কিশোর।আরও পড়ুন: বাংলাদেশে আইপিএল সম্প্রচারের চুক্তি বাতিল করল জিওস্টার পাওয়ার প্লের মধ্যেই মাত্র ১৫ বলে ফিফটি পূর্ণ করেন সূর্যবংশী, যা আইপিএলে রাজস্থানের হয়ে দ্বিতীয় দ্রুততম অর্ধশতক। এই তালিকার শীর্ষে আছেন যশস্বী জয়সওয়াল, যিনি ২০২৩ সালে মাত্র ১৩ বলে ফিফটি করেছিলেন।শেষ পর্যন্ত সপ্তম ওভারে আউট হওয়ার আগে ১৭ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্যবংশী। পরে ধ্রুব জুরেল ১৮ রান করে ফিরলেও, জয়সওয়াল ও রিয়ান পরাগ আর কোনো বিপদ হতে দেননি। জয়সওয়াল ৩৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন এবং পরাগ যোগ করেন ১৪ রান। ফলে সহজেই জয় নিশ্চিত করে রাজস্থান রয়্যালস।চেন্নাইয়ের হয়ে বল হাতে একমাত্র সাফল্য পান আনশুল কাম্বোজ, তিনি নেন ২টি উইকেট।
Go to News Site