Jagonews24
ময়মনসিংহের ফুলপুরে ধর্ষণের অভিযোগ তুলে এক কিশোরীর (১৩) বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহটি ফুলপুর থানায় এনে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান স্বজনরা। পুলিশের আশ্বাসে রাত সাড়ে আটটার দিকে মরদেহ বাড়িতে নেওয়া হয়। মারা যাওয়া কিশোরী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। ধর্ষণের অভিযোগ ওঠা যুবকের নাম রুবেল মিয়া (৩৬)। তিনি ফুলপুরের একটি ইউনিয়নের বাসিন্দা। পুলিশ, স্থানীয় ও কিশোরীর পরিবার সূত্র জানায়, রোববার (২৯ মার্চ) রাতে ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী রুবেলের বিরুদ্ধে। এরপর মেয়েটি রুবেলের বাড়িতে গিয়ে কীটনাশক পান করেন। এদিন রাত ১১টার পর মেয়েটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন সোমবার ভোরে মারা যায় মেয়েটি। পরে ময়নাতদন্ত শেষে সন্ধ্যার পর মরদেহ হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। মেয়েটির দাদি বলেন, ‘আমার নাতনি বিষ খাওয়ার পর বলেছে রুবেল আমাকে ধর্ষণ করছে, আমি আর বাঁচতে চাই না।’ এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, মরদেহ দাফন শেষে মারা যাওয়া কিশোরীর পরিবারটিকে থানায় আসতে বলা হয়েছে। অভিযুক্ত রুবেল পালিয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে। কামরুজ্জামান মিন্টু/এফএ/জেআইএম
Go to News Site