Collector
ফরিদপুরে মহাসড়কে দাঁড়িয়ে ট্যাংক লরি থেকে তেল বিক্রির অভিযোগ | Collector
ফরিদপুরে মহাসড়কে দাঁড়িয়ে ট্যাংক লরি থেকে তেল বিক্রির অভিযোগ
Somoy TV

ফরিদপুরে মহাসড়কে দাঁড়িয়ে ট্যাংক লরি থেকে তেল বিক্রির অভিযোগ

ফরিদপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে একটি পেট্রোলিয়াম ট্যাংক লরি থেকে স্থানীয় খুচরা ব্যবসায়ীদের কাছে জ্বালানি তেল সরবরাহের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিওও পাওয়া গেছে।সোমবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ভাবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এমন দৃশ্য দেখা যায়। ভিডিওতে দেখা যায়, ‘মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড’ ও ‘ভাই-ভাই লুব্রিকেন্টস’ লেখা একটি ট্যাংক লরি (ঢাকা মেট্রো-ট ১১-৭১৫৫) মহাসড়কের পাশে দাঁড়িয়ে আছে। কয়েকজন ব্যক্তি পাইপের মাধ্যমে পাশের একটি খুচরা দোকানের ব্যারেলে তেল ভরছেন। স্থানীয় ওই ব্যক্তি জানান, বিকেল ৫টার দিকে ভাঙ্গার দিক থেকে ট্যাংক লরিটি এসে পৌঁছায়। এ সময় এলাকার খুচরা ব্যবসায়ী শাহিন নামে এক ব্যক্তিকে চার ব্যারেল ডিজেল দেয়া হয়। এছাড়া বাজারের আরও এক ব্যক্তিকেও তেল সরবরাহ করা হয়েছে। তারা প্রতি লিটার ১৫০ টাকা দরে এই তেল বিক্রি করছেন। আরও পড়ুন: নড়াইলে পাচারের সময় জব্দ ৭ হাজার ৪০০ লিটার জ্বালানি তেল, জরিমানা এদিকে, ট্যাংক লরিতে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে শেখ আকবর হোসেন নামে এক ব্যক্তি নিজেকে লরিটির মালিক দাবি করেন। তিনি জানান, তারা খুচরা বাজারে ঘুরে ঘুরেই তেল সরবরাহ করেন এবং তাদের বৈধতা রয়েছে। তবে ভাবুকদিয়া বাজারে তেল দেয়া হয়েছে কি না, তা তিনি নিশ্চিত নন। জেলা পেট্রল পাম্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, দেশের এই সংকটময় সময়ে এভাবে তেল সরবরাহ করা অন্যায়। এতে অতিরিক্ত দামে তেল বিক্রি হচ্ছে এবং কৃষকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ধরনের কার্যক্রম বাজারে বিশৃঙ্খলা তৈরি করছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া উচিত। তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী লাইসেন্সধারী খুচরা বিক্রেতাদের নিজ নিজ দোকান থেকে তেল সংগ্রহ করার কথা। এভাবে সরাসরি সরবরাহ করলে তেলের হিসাব ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হয় না। এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর সচিব ও স্থানীয় চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Go to News Site