Collector
হামের প্রকোপ কমাতে যে পরামর্শ বিশেষজ্ঞদের | Collector
হামের প্রকোপ কমাতে যে পরামর্শ বিশেষজ্ঞদের
Somoy TV

হামের প্রকোপ কমাতে যে পরামর্শ বিশেষজ্ঞদের

দেশে হঠাৎ হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যদিও নিয়ম অনুযায়ী জন্মের ৯ মাসে প্রথম টিকা দেয়ার কথা, তবে হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ শিশু ৯ মাসের কম বয়সি। এই পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা টিকা কার্যক্রমের বয়সসীমা কমিয়ে একমাসের বিশেষ ক্যাম্পেইন করার পরামর্শ দিয়েছেন।দেশের ১০ জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ৩০ মার্চ পর্যন্ত সারাদেশে শনাক্ত হয়েছে ৭৬৪ জন এবং কিছু মৃত্যুর ঘটনাও ঘটেছে। সাধারণত হাম প্রতিরোধে জন্মের ৯ থেকে ১৫ মাসের মধ্যে শিশুদের টিকা দেয়া হয়। তবে আশঙ্কার বিষয় হলো, হাম আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের ৬০ শতাংশই নয় মাসের কম বয়সি। সংক্রামক ব্যাধি হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. শ্রীবাস পাল জানিয়েছেন, নয় মাসে প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ দেয়া হয়। কিন্তু রোগীদের এনালাইসিসে দেখা গেছে, প্রায় ৬০-৭০ শতাংশ শিশু নয় মাসের আগে হাম আক্রান্ত হয়েছে, অর্থাৎ তারা এখনও জীবনের প্রথম হাম টিকা পাননি। এছাড়া কিছু বড় বয়সি শিশুদের মধ্যেও দেখা যাচ্ছে; যারা টিকা পাননি। ডা. শ্রীবাস পালের মতে, আউটব্রেক চলাকালীন বা অতিসংকটাপূর্ণ এলাকায় হাম প্রতিরোধে বিকল্প টিকাদান শুরু করা যেতে পারে। নয় মাসের বদলে ছয় মাস বয়স থেকেই হামের টিকা দেয়া যেতে পারে। এই ধরনের পরিস্থিতিতে নীতি নির্ধারণকারীদের এই সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। আরও পড়ুন: হামের প্রকোপ বাড়ার পেছনে যে কারণ বলছেন চিকিৎসকরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন, দেশে পরীক্ষিত আছে ৬ মাসের শিশুদের হামের টিকা দেয়ার বিষয়টি। তাই অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় বয়সসীমা কমিয়ে আনার পরামর্শ তাদের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বেনজীর আহমেদ বলেন, এটা সম্ভব এবং এরই মধ্যে দেশেও গবেষণা হয়েছে। গবেষণায় ছয় মাস বয়সের শিশুদের টিকা দেয়া হয়েছে এবং সন্তোষজনক ফলাফল পাওয়া গেছে। তাই প্রাদুর্ভাব কমাতে ছয় মাস থেকে ১৫ মাস বয়সের সব শিশুদের জন্য বিশেষ টিকা দেয়া জরুরি। এর মধ্যে যারা আগে টিকা পেয়ে গেছে, কিন্তু নির্দিষ্ট সময়ে টিকা পাননি, তারাও এই টিকা পাবে। শুধু টিকার বয়সসীমা নয়, কম বয়সে হামে আক্রান্তের প্রাদুর্ভাব কমাতে গর্ভাবস্থায়ও মায়েদের সচেতন হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। ডা. বেনজীর আহমেদ বলেন, বিভিন্ন হাসপাতালে যে নয় মাসের নিচের শিশু হামে আক্রান্ত হচ্ছে, তার মানে এই যে তাদের শরীরে ইমিউনিটি কমে গেছে। শিশুর এই প্রতিরোধ ক্ষমতা মূলত মায়ের দেহ থেকে আসে, কিন্তু এসব শিশু মায়ের থেকে পর্যাপ্ত ইমিউনিটি পাচ্ছে না। ফলে তারা এই রোগের জন্য সংবেদনশীল এবং হামের ঝুঁকির মধ্যে রয়েছে। এর আগে সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে হামের টিকা সরবরাহ শুরু হতে পারে। টিকা আনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কমিটিতে সেটি পাস হয়েছে। দ্রুত ভ্যাকসিন আনা হবে। ভ্যাক্সিনেশনের জন্য সরকার কাজ করছে।

Go to News Site