Somoy TV
জেট ফুয়েলের সংকটে পড়া ইউরোপীয় মিত্র দেশগুলোকে খোঁচা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, জেট ফুয়েল দরকার হলে, তারা তা যেন হরমুজ প্রণালী থেকে নিয়ে আসে।গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয় তেহরান। যার ফলে বিশ্ব তেলের বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। তেহরান বলছে, ‘শত্রু’ দেশ ইসরাইল ও যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের কোনো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হতে দেয়া হবে না। তবে চীন, ভারত ও পাকিস্তানসহ কয়েকটি ‘বন্ধুপ্রতীম’ দেশকে এই প্রণালী দিয়ে জাহাজ পারাপারের অনুমতি দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে মিত্র দেশগুলোর সহায়তা চাইছেন ট্রাম্প। কিন্তু বারবার অনুরোধ সত্ত্বেও ইরান যুদ্ধে না জড়াতে শক্ত অবস্থান নিয়েছে ইউরোপীয় মিত্ররা। এতে বেজায় ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছেন। আরও পড়ুন: চীনের তিনটি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে: বেইজিং এবার জেট ফুয়েল নিয়ে খোঁচা দিলেন ট্রাম্প। ব্লুমবার্গের প্রতিবেদন মতে, হরমুজ প্রণালীতে অবরোধের কারণে সৃষ্ট জেট ফুয়েল সংকটে থাকা মিত্রদেরকে কটাক্ষ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘হরমুজ প্রণালীর কারণে যেসব দেশ জেট ফুয়েল পাচ্ছে না, যেমন যুক্তরাজ্য, যারা ইরান যুদ্ধে জড়াতে অস্বীকার করেছে, তাদের জন্য আমার একটি পরামর্শ আছে: প্রথমত, যুক্তরাষ্ট্র থেকে কিনুন, আমাদের কাছে প্রচুর (জেট ফুয়েল) আছে এবং দ্বিতীয়ত, কিছুটা বিলম্ব হলেও সাহস সঞ্চয় করুন, (হরমুজ) প্রণালীতে যান, এবং (সেখান থেকেই) এটা নিয়ে নিন।’ যুক্তরাষ্ট্রের আগ্রাসনে ইরান ‘দুর্বল’ হয়ে পড়েছে দাবি করে তিনি বলেন, ‘কঠিন কাজটা হয়ে গেছে। যান, এখন নিজেদের তেল নিজেরাই জোগাড় করুন।’ আরও পড়ুন: ট্রাম্পের হুমকির পর দুবাই উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা ট্রাম্প ইরানে তার যুদ্ধে আন্তর্জাতিক সমর্থনের অভাব নিয়ে আবারও আক্ষেপ প্রকাশ করেন এবং মিত্রদের বলেন, ‘আপনাদের নিজেদের জন্য লড়াই করতে শিখতে হবে, যুক্তরাষ্ট্র আপনাদের সাহায্য করার জন্য আর থাকবে না, ঠিক যেমন আপনারা আমাদের জন্য ছিলেন না।’
Go to News Site