Somoy TV
মহানবী মুহাম্মদ (সা.)-এর জীবন ও স্মৃতিবিজড়িত মদিনার ঐতিহাসিক স্থানগুলোকে বিশ্ববাসীর সামনে নতুনভাবে তুলে ধরার লক্ষ্যে একটি আন্তর্জাতিক ফোরামের আয়োজন করেছে সৌদি আরব। এই আয়োজন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিং আবদুল আজিজ ফাউন্ডেশন ফর রিসার্চ অ্যান্ড আর্কাইভস, যা ‘দারাতুল মুলক’ নামেও পরিচিত।তৃতীয় উমরা ও ভিজিট ফোরামটি ৩০ মার্চ থেকে শুরু হয়ে ১ এপ্রিল পর্যন্ত মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টার-এ অনুষ্ঠিত হচ্ছে। হজ ও উমরা যাত্রীদের সেবার মানোন্নয়ন এবং অধিক সংখ্যক মুসল্লিকে ইবাদতে সহায়তা প্রদানই এই আয়োজনের মূল লক্ষ্য। ফোরামটি আয়োজন করেছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়, এবং এতে পৃষ্ঠপোষকতা করছেন মদিনা অঞ্চলের গভর্নর সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ আলে সৌদ। এই ফোরামে নবী কারিম (সা.)-এর জীবন ও ইসলামি ইতিহাস নিয়ে কাজ করা বিভিন্ন দেশের গবেষক ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন। ইসলামের সঙ্গে সম্পৃক্ত ঐতিহাসিক স্থানগুলোকে বৈজ্ঞানিকভাবে নথিভুক্ত করা এবং সেগুলোর প্রকৃত ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। পাশাপাশি যাচাইকৃত ও অযাচাইকৃত বর্ণনার মধ্যে পার্থক্য নির্ণয়ে ব্যবহৃত গবেষণাপদ্ধতির ওপরও বিস্তারিত আলোচনা হচ্ছে। ফোরামের বিভিন্ন অধিবেশনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপনের কৌশল পর্যালোচনা করা হবে, যাতে দর্শনার্থীরা আরও সমৃদ্ধ অভিজ্ঞতা লাভ করতে পারেন। আরও পড়ুন: মজুতদারের প্রতি আল্লাহর অভিশাপ এদিকে, ফোরামে অংশ নিতে ইতোমধ্যে বাংলাদেশ থেকে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ঢাকা ত্যাগ করে সৌদি আরবে পৌঁছেছেন। তিনি ২৯ মার্চ বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান-এর একটি ফ্লাইটে প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশে যাত্রা করেন। তওফিক বিন ফাউজান আল রাবিয়া-এর আমন্ত্রণে এ সফরে অংশ নেওয়া ধর্মমন্ত্রী ফোরামের পাশাপাশি সৌদি হজ ও উমরা মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া তিনি চলতি বছরের হজ কার্যক্রমের অগ্রগতি নিয়ে বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা সভায় অংশ নেবেন এবং বাংলাদেশি হাজিদের জন্য নির্ধারিত আবাসন ব্যবস্থাও পরিদর্শন করবেন।
Go to News Site