Collector
ভারসাম্য হারাচ্ছে পৃথিবীর জলবায়ু, বিশ্ব আবহাওয়া সংস্থার সতর্কবার্তা | Collector
ভারসাম্য হারাচ্ছে পৃথিবীর জলবায়ু, বিশ্ব আবহাওয়া সংস্থার সতর্কবার্তা
Somoy TV

ভারসাম্য হারাচ্ছে পৃথিবীর জলবায়ু, বিশ্ব আবহাওয়া সংস্থার সতর্কবার্তা

পৃথিবীর জলবায়ু তার স্বাভাবিক ভারসাম্য হারিয়ে ফেলছে- এমনই সতর্কবার্তা দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডাব্লিউএমও)। সংস্থাটির মতে, বর্তমান সময়ে যে মাত্রার ‘ক্লাইমেট ইমব্যালান্স’ বা জলবায়ুর ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে, তা ইতিহাসে নজিরবিহীন।বিশেষজ্ঞদের ভাষায়, এই ভারসাম্যহীনতার মূল কারণ হলো পৃথিবীতে আসা ও বের হওয়া তাপের মধ্যে ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। সাধারণভাবে সূর্য থেকে যে পরিমাণ শক্তি বা তাপ পৃথিবীতে আসে, তার সমপরিমাণ তাপ মহাশূন্যে ফিরে যাওয়ার কথা। কিন্তু বর্তমানে সেই প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটছে। ফলে কম তাপ বাইরে বের হচ্ছে এবং বেশি তাপ পৃথিবীর ভেতরে জমা হচ্ছে, যাকে ‘এনার্জি ইমব্যালান্স’ বলা হয়। এর সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক তাপমাত্রায়। ডাব্লিউএমও-এর তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়কালটি ইতিহাসের সবচেয়ে উষ্ণ ১১ বছর হিসেবে রেকর্ড হয়েছে। গত বছর বৈশ্বিক তাপমাত্রা প্রাক-শিল্প যুগের তুলনায় প্রায় ১.৪৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আরও পড়ুন: ‘পানির দেউলিয়াত্বের’ দিকে এগোচ্ছে বিশ্ব, জাতিসংঘের সতর্কতা  এই তাপমাত্রা বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে গ্রিনহাউস গ্যাসের অস্বাভাবিক বৃদ্ধি। বিশেষ করে কার্বন ডাই অক্সাইড, মিথেন, এবং নাইট্রাস অক্সাইড রেকর্ড পরিমাণে বেড়েছে। এসব গ্যাস বায়ুমণ্ডলে তাপ আটকে রেখে পৃথিবীকে আরও উষ্ণ করে তুলছে। এই অতিরিক্ত তাপের বড় অংশ শোষণ করছে সমুদ্র। বিজ্ঞানীরা বলছেন, জমা হওয়া অতিরিক্ত তাপের প্রায় ৯০ শতাংশই সমুদ্রে সঞ্চিত হচ্ছে। এর ফলে সমুদ্রের পানি উষ্ণ হচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং ঘূর্ণিঝড় ও বন্যার ঝুঁকি আরও বাড়ছে। বিশ্বের প্রায় ৩০০ কোটি মানুষ সরাসরি সমুদ্রের ওপর নির্ভরশীল এবং প্রায় ১১ শতাংশ মানুষ উপকূলীয় অঞ্চলে বসবাস করে যারা এই পরিবর্তনের সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে। আরও পড়ুন: ভয়াবহ খরার কবলে ইরাক, বিতর্কিত ‘তেলের বিনিময়ে পানি’ চুক্তিই এখন ভরসা বিশেষজ্ঞদের মতে, এই ‘ক্লাইমেট ইমব্যালান্স’ শুধু পরিবেশগত সমস্যা নয়; এটি মানবজীবন, কৃষি, খাদ্য নিরাপত্তা এবং অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলছে। তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি আবহাওয়া ক্রমেই অস্বাভাবিক ও চরম হয়ে উঠছে। তাদের সতর্কবার্তা এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই ভারসাম্যহীনতা আরও তীব্র হবে, যা ভবিষ্যতে মানব অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।

Go to News Site