Somoy TV
ময়মনসিংহ সদরে সিএনজি অটোরিকশা-লরির মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর দুইটার দিকে উপজেলার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকার ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক সারোয়ার কাইয়ুম। তিনি জেলার ভালুকা উপজেলার মরচী গ্রামের বাসিন্দা। অপরজন শিপা আক্তার (৩২)। তিনি ফুলবাড়িয়া উপজেলার পুটিয়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে ফুলবাড়িয়া থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা ময়মনসিংহ শহরের দিকে আসছিল। পথে কাওয়ালটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী লরির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিক্ষক সারোয়ার কাইয়ুম প্রাণ হারান। দুর্ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক শিপা আক্তারকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।আরও পড়ুন: ময়মনসিংহে মাটির নিচে ট্যাংকে মিলল ২৪ হাজার লিটার জ্বালানিময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, আহতদের হাসপাতালে আনা হলে শিপা আক্তার নামে এক নারীকে মৃত ঘোষণা করা হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Go to News Site