Somoy TV
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ধরে নিয়ে যাওয়া কক্সবাজারের টেকনাফের নৌকাসহ ১৪ জেলে ফেরত এসেছে।মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম সৈকতে নৌকায় পৌঁছেন তারা। অভিযোগ উঠেছে, স্থানীয় দালালের মাধ্যমে দুই লাখ টাকার মুক্তিপণে ছেড়ে দেয় আরাকান আর্মি। এর আগে গত শনিবার টেকনাফের নাফ নদী সংলগ্ন নাইক্ষ্যংদিয়া থেকে গুলি ছুঁড়ে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। জেলেদের ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়াডের ইউপি সদস্য আবদুল মান্নান। তিনি বলেন, ‘রাতের আঁধারে নৌকায় নিয়ে আরাকান আর্মি হাতে আটক থাকা জেলেরা ফিরেছে এসেছে। তবে তারা মুক্তিপণ দিয়ে ফিরেছেন, কিনা সেটি আমার জানা নেই। তবু বিষয়টি খোঁজ নেয়া হচ্ছে।’ আরও পড়ুন: অস্ত্রের মুখে ১৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি ফেরত আসা জেলে রহিম উল্লাহ বলেন, ‘এখন ফিরে আসতে পেরে খুব খুশি। কারণ আমরা মৃত্যুর মুখ থেকে ফিরেছি। আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি। ধরে নিয়ে যাওয়ার পর আমদের ব্যাপক মারধর করেছে। কোন খাবার দেয়নি। মূলত আমাদের জন্য বাংলাদেশ থেকে কন্টাক্ট করছে এগুলো প্রকাশ না করতে বলছে। আমাদের নৌকার মাঝি মালাই কালু মাথায় বড় ধরনের আঘাত করা হয়েছে। ফেরত আসা আরেক জেলে গিয়াস উদ্দিনের মা রশিদা খাতুন বলেন, ‘আমার তিন ছেলেসহ পরিবরারের পাচঁজন ফিরে এসেছে। এর চেয়ে আনন্দের কি আর হতে পারে। তাদের ধরে নিয়ে যাওয়ার পর আমাদের খুব দুশ্চিন্তায় ছিলাম। এখন চিন্তা মুক্ত হয়েছি। তবে ছেলেরা খুব অসুস্থ হয়ে পড়েছে, তাদের জন্য দোয়া করবেন। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, তিনটি নৌকাসহ ১৪ জেলে ফেরত এসেছে। তবে তারা কীভাবে ফেরত এসেছে এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Go to News Site