Somoy TV
ইরানের নতুন সর্বাচ্চ নেতা মোজতবা খামেনি ইসলামী প্রজাতন্ত্র ইরানেই রয়েছেন বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত অ্যালেক্সেই দেদভ।রুশ সংবাদমাধ্যম আরটিভিআইকে দেয়া এক সাক্ষাতকারে রুশ রাষ্ট্রদূত বলেন, নিরাপত্তাজনিত কারণে ইরানের সর্বোচ্চ নেতা জনসম্মুখে আসছেন না। এই কূটনীতিক বলেন, মানুষের বোঝা উচিত যে সর্বোচ্চ নেতার জনসমক্ষে উপস্থিত না হওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। ইরান সরকার বারবার বলেছে, নতুন নেতা ইরানেই আছেন, কিন্তু বোধগম্য কারণেই তিনি জনসমক্ষে আসা থেকে বিরত থাকছেন। রুশ রাষ্ট্রদূত জানান, তিনি এখনও ইরানের নতুন সর্বোচ্চ নেতার সঙ্গে কথা বলেননি। একইসঙ্গে মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে খুব দ্রতই অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন সে কথাও স্মরণ করেন তিনি। তেহরানের প্রতি মস্কোর অবিচল সমর্থন এবং সংহতি প্রকাশ করেন রাষ্ট্রদূত অ্যালেক্সেই দেদভ। আরও পড়ুন: ইরান যুদ্ধের নতুন সময়সীমা জানালেন ট্রাম্প যুদ্ধ শুরুর (২৮ ফেব্রুয়ারি) দিন বাবা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার এক সপ্তাহ পর ছেলে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। তবে এরপর থেকে এখন পর্যন্ত তাকে জনসমক্ষে দেখা যায়নি। এদিকে মোজতবা খামেনির বেঁচে থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গত ১৪ মার্চ এনবিসি নিউজকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (মোজতবা) আদৌ বেঁচে আছেন কি না, আমি জানি না। এখন পর্যন্ত কেউ তার উপস্থিতির প্রমাণ দিতে পারেনি।’ ট্রাম্প আরও বলেন, ‘আমি শুনছি যে তিনি বেঁচে নেই। আর যদি বেঁচে থাকেন, তবে নিজের দেশের স্বার্থে তার একটি অত্যন্ত বুদ্ধিমানের কাজ করা উচিত। আর তা হলো আত্মসমর্পণ করা।’ তবে খামেনির মৃত্যুর খবরকে একটি ‘গুজব’ হিসেবেও আখ্যায়িত করেন তিনি। তথ্যসূত্র: তাস
Go to News Site