Somoy TV
মাদারীপুরে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও একজন।মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার বিসমিল্লাহ অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অজয় বরগুনার পাথরঘাটার তালুকের চরদুয়ানা গ্রামের শৈলেন চন্দ্র হাওলাদারের ছেলে। আরও পড়ুন: অটোরিকশা-লরির মুখোমুখি সংঘর্ষে শিক্ষকসহ নিহত ২ মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, বরিশাল থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল একটি ট্রাক। সমাদ্দার এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা বরিশালগামী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন পিকআপ চালক ও হেলপার। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক পিকআপ চালক অজয় কুমার হাওলাদারকে মৃত ঘোষণা করেন। হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
Go to News Site