Somoy TV
ব্রাহ্মণবাড়িয়ায় বাসার দেয়ালে চিরকুট লিখে তানভীর আহমেদ মেরাজ (২২) নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।মঙ্গলবার (৩১ মার্চ) শহরের কাউতলীতে নিহতের নিজ বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ এসে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। মেরাজ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উলচা পাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। গত ৫ আগস্টের আগে এবং পরে আন্দোলন সংগ্রামে সামনের সারিতে ছিলেন মেরাজ। আরও পড়ুন: ফোনে স্ত্রীর সঙ্গে বাগ্বিতণ্ডা, গলায় ফাঁস দিয়ে ঢাবির নিরাপত্তা কর্মীর মৃত্যু নিহত মেরাজ মৃত্যুর আগে তার কক্ষের দেয়ালে চিরকুটে লেখেন, ‘আমার এই দুনিয়াতে যা ভোগ করার সব আলহামদুলিল্লাহ ভোগ করা শেষ, আর দুনিয়াতে থাকার কোনো ইচ্ছা আমার নাই। তাই আমি নিজ ইচ্ছায় দুনিয়া ত্যাগ করতেছি। আমি মেরাজ একটু অন্যরকম, আমার মতো কেউ হতে যায়েন না! অনেকেরে কষ্ট দিছি আমি, পারলে মাফ কইরেন।’ ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। তার কক্ষের দেয়ালে মৃত্যুর আগে চিরকুটের মাধ্যমে হতাশার কথা তুলে ধরে নানান কথা লিখে গেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। একটু নজর দিন আপনি যদি কখনো মনে করেন, জীবন অসহনীয় হয়ে উঠছে, জেনে রাখুন— আপনি একা নন। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসের কাজ। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলুন। যেটা এখন মনে হচ্ছে, তা সাময়িক— সময়, সহায়তা ও কথা বলার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন সম্ভব। জীবন মূল্যবান এবং এখনও অনেক সুন্দর মুহূর্ত বাকি আছে। আপনি যদি মানসিক চাপে বা আত্মহত্যার চিন্তায় ভুগে থাকেন, অনুগ্রহ করে বিশেষজ্ঞ চিকিৎসক, কাউন্সেলর বা হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করুন। সাহায্য চাইতে কখনো দ্বিধা করবেন না। এ বিষয়ে জরুরি পরামর্শ দেয় ‘কান পেতে রই’। হেল্পলাইন নম্বর: 01779-554391 এবং 01688-709966। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত হেল্পলাইনে কথা বলতে পারবেন যে কেউ।
Go to News Site