Somoy TV
পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কোরাল মাছ, যা বিক্রি হয়েছে প্রায় ৩০ হাজার টাকায়।মঙ্গলবার (৩১ মার্চ) ভোররাত ৪টার দিকে বঙ্গোপসাগরের বলেশ্বর নদীর সাগর মোহনায় মাছটি ধরা পড়ে। পরে আজ বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটা মেয়র মৎস্য মার্কেটে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন জেলে ফারুক মাঝি (৩৬)। জেলেরা জানান, ইলিশ ধরতে গিয়ে জালে অন্য মাছের সঙ্গে হঠাৎ করেই ধরা পড়ে বিরল এই কোরাল। মাছটি বাজারে আনার পরই একনজর দেখতে ভিড় করেন স্থানীয়রা। বড় আকার ও দৃষ্টিনন্দন গড়নের কারণে মুহূর্তেই তা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পরে ২২ কেজি ৭০০ গ্রাম ওজনের কোরাল মাছটি কেজিপ্রতি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ২৯ হাজার ৫৩০ টাকায় জেলের কাছ থেকেই কিনে নেন খান ফিসের ব্যবসায়ী জাহাঙ্গীর খান। জেলে ফারুক মাঝি বলেন, প্রতিদিনের মতো সাগরে মাছ ধরতে গিয়ে হঠাৎ করেই জালে ধরা পড়ে এই কোরাল। এ ধরনের মাছ সচরাচর পাওয়া যায় না। আরও পড়ুন: ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়! স্থানীয় ক্রেতা শাহিন জানান, এমন মাছ খুব একটা পাওয়া যায় না। স্বাদেও দারুণ, তবে দাম বেশি হওয়ায় আমাদের মতো মধ্যবিত্তের নাগালের বাইরে। কেটে বিক্রি করলে কিছুটা কেনার সুযোগ থাকত। মাছটি ক্রয়কারী খান ফিসের ম্যানেজার লিটন বলেন, বড় আকারের কোরাল সবসময় পাওয়া যায় না। তাই নিলামের আগেই বেশি দামে সরাসরি কিনে নেয়া হয়েছে। মাছটি ঢাকায় পাঠানো হবে, সেখানে আরও ভালো দামে বিক্রির আশা করছি। বিশেষজ্ঞদের মতে, কোরাল একটি সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর সামুদ্রিক মাছ। এতে রয়েছে জিংক, আয়োডিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও সেলেনিয়াম, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হৃদ্যন্ত্র ভালো রাখা এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক। পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, মাঝে মাঝে জেলেদের জালে এ ধরনের বড় কোরাল ধরা পড়ে। তবে প্রজনন মৌসুমে নির্ধারিত নিয়ম মেনে মাছ আহরণ করা জরুরি। এতে সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ হবে এবং উৎপাদনও বাড়বে।
Go to News Site