Somoy TV
কৃষি নির্ভর জেলা গাইবান্ধায় এক সময় ধানের পর দ্বিতীয় প্রধান ফসল ছিল গম। নানা কারণে সেই গম চাষ কমে গেলেও, এবার নতুন করে উদ্যোগ নিয়েছে জেলা কৃষি বিভাগ। নদী বিধৌত চরাঞ্চলের বালুময় জমিকে কাজে লাগিয়ে জেলার বিভিন্ন উপজেলায় আবারও ব্যাপক জমিতে গম চাষ হয়েছে। ভালো ফলন ও দাম পেয়ে খুশি কৃষক।সরেজমিনে গিয়ে দেখা যায়, গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ঘাঘট নদীর কাজলডোপ চরে মাঠের পর মাঠ চাষ হয়েছে গম। পরিত্যক্ত বালুময় এই জমিগুলো এখন ভরে উঠেছে সোনালী রং এর গমক্ষেতে। কৃষি বিভাগের উদ্যোগে এবার এখানে বিঘার পর বিঘা জমিতে হয়েছে গমের চাষ।শুধু কাজলডোপ চরেই নয়, জেলার অন্যান্য উপজেলাগুলোতেও এবার ব্যাপক জমিতে গম চাষ হয়েছে। মাঠ থেকে গম কাটতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ধানের তুলনায় কম খরচে অধিক ভালো ফলন ও গম চাষে সার, সেচসহ অন্যান্য খরচ কম হওয়ায় আগ্রহ বেড়েছে কৃষকদের।অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের সার্বিক সহায়তায় ভালো ফলন পাওয়ায় আশাবাদী হয়ে উঠেছে কৃষকরা। এতে করে জেলায় আবারও গম চাষের নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে।বল্লমঝাড় ইউনিয়নের কাজলঢোপ গ্রামের গম চাষী মঞ্জুর হাসান জানান, আগে নদীর পাড়ের এসব জমি পরিত্যক্ত থাকতো তেমন ফসল হতো না। কৃষি বিভাগের পরামর্শে এবার গম চাষ করে ভালো ফলন হয়েছে। বাজারে চাহিদা থাকায় ও উৎপাদন খরচ কম হওয়ায় অনেক কৃষক গম চাষে আগ্রহী হয়ে উঠেছে।আরও পড়ুন: পৌরসভাকে ৩ কোটি টাকা ফি দিয়েও মেলেনি রিকশাস্ট্যান্ডএকই এলাকার আরেক গম চাষি নুর ইসলাম জানান, গম চাষ করার জন্য কৃষি বিভাগ থেকে বীজ ও সার দেয়া হয়েছে। তাদের পরামর্শে চরে গম চাষ করে কৃষকরা অন্য ফশলের চেয়ে লাভবান হওয়ায় আগামীতে ব্যাক্তি পর্যায়েও অনেক জমিতে গম চাষের উদ্দ্যোগ নিচ্ছেন।গাইবান্ধা সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইদ্রিস আলী জানান, ধানের পাশাপাশি গম চাষে আগ্রহী করতে কৃষকদের বিনামূল্য বীজ, সারসহ অন্যন্য সুবিধা দেয়া হচ্ছে।গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মো. আসাদুজ্জামান জানান, জেলার বিস্তীর্ণ অনাবাদি জমিকে কাজে লাগানোর পাশাপাশি দেশে গমের ব্যাপক চাহিদা থাকায় আমদানির ওপর নির্ভরতা কমানোর জন্য গম চাষের উদ্যোগ নেয়া হয়েছে।চরাঞ্চলের অনাবাদি জমিকে কাজে লাগিয়ে গম চাষে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। এতে যেমন বাড়ছে অতিরিক্ত ফসল উৎপাদন, তেমনি বাড়ছে কৃষকদের আয়। গেল বছর জেলায় ৩ হাজার ১৬২ হেক্টর জমিতে ও চলতি বছর ৩ হাজার ২৭৮ হেক্টর জমিতে গমের চাষ হয়েছে।
Go to News Site