Somoy TV
অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত পাঁচ দিন ধরে দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তার সফরকে ঘিরে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিসা বাতিলসংক্রান্ত সংবাদকে তিনি ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছেন।বুধবার (১ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন আজহারী। সেখানে তিনি লিখেছেন, অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত ৫ দিন ধরে আমি অস্ট্রেলিয়াতে অবস্থান করছি। আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য। কারণ এখনো পর্যন্ত আমি এখানে কোনো বক্তব্যই দিইনি। এ বিষয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘বিষয়টি যাচাই করা কঠিন নয়। আমি এখানে এসে এখনও কোনো বক্তব্য দিইনি। তাই এসব অভিযোগ ভিত্তিহীন।’ আরও পড়ুন: শিশুর হাম নিয়ে অভিভাবকদের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ তিনি আরও বলেন, ‘বিভিন্ন দেশে বক্তাদের সফর ঘিরে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয়; আমার ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে। কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষ পরিকল্পিতভাবে একজোট হয়ে পুরনো, বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে।’ তিনি উল্লেখ করেন, একই ধরনের একটি ভিডিওকে কেন্দ্র করে কয়েক বছর আগে যুক্তরাজ্য সফরেও তার জন্য বাধা সৃষ্টি করা হয়েছিল। অভিযোগের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘আমি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। আমার বহু আলোচনাতেও যা স্পষ্ট প্রতীয়মান।’
Go to News Site