Somoy TV
২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ ইকুয়েস্ট্রিয়ান অ্যাসোসিয়েশন। দীর্ঘদিন এর কার্যক্রম বন্ধ থাকলেও নতুন কাঠামো ও কৌশলগত পরিকল্পনার মাধ্যমে ফের এর যাত্রা শুরু হয়েছে। উদ্যোগটিকে দেশের অশ্বারোহী ক্রীড়া খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করছে ইকুয়েস্ট্রিয়ান অ্যাসোসিয়েশন।নতুন করে শুরুর ব্যাপারটি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ ইকুয়েস্ট্রিয়ান অ্যাসোসিয়েশন। সংগঠনটি মনে করছে, বাংলাদেশে অশ্বারোহী ক্রীড়া দীর্ঘদিন ধরে অবহেলিত থাকলেও বর্তমানে এর জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তারা দেশজুড়ে ঘোড়সওয়ার ও অশ্বারোহী সংস্কৃতি বিস্তারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কাজ করবে বলে জানিয়েছে।ইকুয়েস্ট্রিয়ান অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত ২৯ মার্চ সংগঠনের সভাপতি লে. কর্নেল খন্দকার ফরিদুল আকবরের (অব.) সভাপতিত্বে একটি ফলপ্রসু সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা দেশের ক্রীড়াক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করার প্রত্যয় ব্যক্ত করেন।আরও পড়ুন: ‘ডব্লিউকেএফ’-এর কোনো প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হিসেবে পদক জিতলেন আদম চৌধুরীবিবৃতিতে আরও বলা হয়, খন্দকার ফরিদুল আকবর গত দুই দশকেরও বেশি সময় ধরে দেশে এই খেলাটির উন্নয়নে কাজ করে আসছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্বে এই নতুন উদ্যোগ দেশের ক্রীড়া খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। সংগঠনটি প্রশিক্ষণ কর্মসূচি, প্রতিযোগিতা আয়োজন, আন্তর্জাতিক অংশগ্রহণ এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করার মাধ্যমে একটি শক্তিশালী অশ্বারোহী সম্প্রদায় গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।এই লক্ষ্যগুলো অর্জনের জন্য বাংলাদেশ ইকুয়েস্ট্রিয়ান অ্যাসোসিয়েশন সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেছে, যাতে তারা তাদের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে।
Go to News Site