Somoy TV
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজির প্রতিবাদ করায় সন্ত্রাসীদের হামলায় স্থানীয় বিএনপি কার্যালয় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর ছবিও ভাঙচুর করা হয়। হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের আতলাশপুর ও হাটাবো বেলতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এর আগে সকালে আতলাশপুর এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাঁদা দাবিকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত হয়। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভুলতা ইউনিয়নের আতলাশপুর এলাকায় অবস্থিত একটি বেসরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি চাঁদা দাবি করে আসছিলেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে অভিযুক্তরা ওই প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করলে স্থানীয়রা বাধা দেন। এতে তারা হুমকি দিয়ে সেখান থেকে সরে যান। এরই জেরে একই দিন বিকেল ৫টার দিকে ফেরদৌস বাড়ী, কাউছার বাড়ী, ইস্রাফিল, রিয়াদ, রুবেল ভূঁইয়া, কাউছার ভূঁইয়া, ফয়সাল মিয়া ও শিপন মিয়াসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আতলাশপুর এলাকায় হামলা চালায়। এ সময় হামলাকারীরা স্থানীয় বিএনপি কার্যালয়ে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। পরে তারা মো. লুতফর রহমান ভূঁইয়ার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বাধা দিতে এগিয়ে এলে লুতফর রহমান (৫০), সাখাওয়াত হোসেন ভূঁইয়া (৫৬), শাহাদাত হোসেন (৪৮), মাহবুব হাসান ভূঁইয়া (৫৭) ও জাকারিয়া ভূঁইয়াকে (৪৩) বেধড়ক পিটিয়ে আহত করা হয়। আরও পড়ুন: অপরাধে দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতে রূপগঞ্জের ওসি আহতদের মধ্যে শাহাদাত হোসেনের মাথায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম এবং সাখাওয়াত হোসেনের মুখে আঘাত লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ক্লাব ও দোকান ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতিসাধন করে এবং মামলা করলে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনার পর হামলাকারীরা এলাকায় আরও কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালায়। ভুক্তভোগী ও ভুলতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ছাত্রদল সভাপতি মো. দোলন ভূঁইয়া জানান, হামলাকারীরা হাটাবো বেলতলা এলাকায় ছাত্রদলের দলীয় কার্যালয়ও ভাঙচুর করে। এ সময় তারা রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে। তিনি বলেন, ‘হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে এবং একটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।’ এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Go to News Site