Somoy TV
নারী ক্রিকেটে নতুন ইতিহাস গড়লো নিউজিল্যান্ড। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে কিউইদের ম্যাচ জেতানোর কেন্দ্রীয় চরিত্রে ছিলেন অ্যামেলিয়া কের।বুধবার (১ এপ্রিল) ৩৪৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৮ উইকেটের বিনিময়ে ৩৫০ রান তুলে নিউজিল্যান্ডের মেয়েরা শুধু ম্যাচই জেতেনি, গড়ে ফেলেছে নারী ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড। ৯৯.৪ ওভারে দুই দলের মিলিত রান ৬৯৬। এই ঐতিহাসিক জয়ের নায়ক কের খেলেছেন ১৩৯ বলে অপরাজিত ১৭৯ রানের ইনিংস। যেখানে ছিল নিয়ন্ত্রণ, আগ্রাসন আর ম্যাচ ফিনিশ করার অসাধারণ দক্ষতা। এদিন অবশ্য লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। পঞ্চম ওভারেই ফিরে যান সুজি বেটস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকার হয়ে কাইলা রেইনেকে ও সুনে লাস আঘাত হানেন গুরুত্বপূর্ণ সময়ে। ঠিক তখনই কের পান উপযুক্ত সঙ্গী—উইকেটকিপার ব্যাটার ইজাবেলা গেজ। দুজনে মিলে মাত্র ৮২ বলে যোগ করেন ১২০ রান। গেজ খেলেন ৪৮ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস, যেখানে ছিল ১১টি চারের মার। এই জুটিই মূলত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। আরও পড়ুন: বিগ ব্যাশে বাজিমাত, তাসমানিয়ার বর্ষসেরা খেলোয়াড় রিশাদ গেজ আউট হওয়ার পরও থামেননি কের। একের পর এক ছোট জুটিতে দলকে এগিয়ে নিয়ে যান। বোন জেস কেরের সঙ্গে দ্রুত রান তোলেন, পরে নিচের সারির ব্যাটারদের নিয়ে শেষ পর্যন্ত ম্যাচ শেষ করেন। কের তার শতক পূর্ণ করেন ৯০ বলে, এরপরের ৭৯ রান আসে মাত্র ৪৯ বলে—যা তার ইনিংসের আগ্রাসী রূপকে স্পষ্ট করে। এর আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৪৬ রানের বড় সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে আন্নেকে বোশ ৯১, লরা উলবার্ট ৬৯ আর ক্লোয়ে ট্রায়ান অপরাজিত ৫২ রান করেন। তাদের ব্যাটিংয়ে একাধিক কার্যকর জুটি ছিল, যা দলকে বড় স্কোরে পৌঁছে দেয়। নিউজিল্যান্ডের হয়ে বল হাতে ব্রি লি নেন ৩ উইকেট। আরও পড়ুন: দ. আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ মিলার, আরও যত চমক এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরলো নিউজিল্যান্ড। তবে ম্যাচটি মনে রাখা হবে মূলত কেরের ব্যাটিং বিস্ফোরণের জন্য—যা নারী ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস হিসেবে বিবেচিত হবে। সংক্ষিপ্ত স্কোর:দক্ষিণ আফ্রিকা: ৩৪৬/৬ (৫০ ওভার)নিউজিল্যান্ড: ৩৫০/৮ (৪৯.৪ ওভার)ফল: নিউজিল্যান্ড ২ উইকেটে জয়ী (২ বল হাতে)
Go to News Site